বেসিসের নির্বাচন নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের নির্বাহী কমিটির প্রথম বছর পূর্তিতে তিনটি পদে নির্বাচন-প্রক্রিয়ার শুরুতে জটিলতা তৈরি হয়েছে। বেসিসের সংঘবিধি অনুযায়ী প্রথম বছর পার হওয়ার পর তিনটি পদে তিনজন পদত্যাগ করবেন এবং নির্বাচনের মাধ্যমে নতুন তিনজন যুক্ত হবেন।

কোন তিনজন পদত্যাগ করবেন, তা নির্ধারণে গত মঙ্গলবার বেসিসের নির্বাচন পরিচালনা বোর্ড লটারির আয়োজন করে। এই লটারিতে সভাপতি মোস্তাফা জব্বার, জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ ও সহসভাপতি ফারহানা এ রহমান বাদ পড়েন। বুধবার লটারিকে সংঘবিধির লঙ্ঘন বলে উল্লেখ করে মোস্তাফা জব্বার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যসংগঠনের পরিচালকের (ডিটিও) কাছে লটারি বাতিল এবং পরপর তিন মেয়াদে কমিটিতে থাকা সদস্যদের অবসর প্রদানের জন্য আবেদন করেন।

মোস্তাফা জব্বারের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে বেসিসের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো পরিবর্তন বা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধন করে নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। ফলে গতকাল থেকে তিন পদে  মনোনয়ন-প্রক্রিয়া শুরু হওয়ার যে কথা ছিল তা  হয়নি।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘আপিল বোর্ডের সঙ্গে বসে চিঠির বিষয়বস্তু পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আগামী রোববার নাগাদ সিদ্ধান্ত জানা যেতে পারে।

প্রসঙ্গত নির্বাচন বোর্ড কিছুদিন আগে পরপর তিন মেয়াদে থাকা তিন সদস্যকে পদত্যাগের অনুরোধ জানিয়ে চিঠি দেয়। ওই তিন সদস্য আপিল বোর্ডে বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন জানান। নির্বাচনী আপিল বোর্ড ডিটিওর কাছ থেকে লিখিত নির্দেশনা পায়। এরপর লটারির মাধ্যমে পদত্যাগকারী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মোস্তাফা জব্বার গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় একটি যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি, বেসিসের সংঘবিধিতে যেসব অসংগতি রয়েছে, সেগুলো দূর হওয়া প্রয়োজন। এই চিঠির সূত্র ধরে সংশোধনের একটি সুযোগ তৈরি হলো।’

রাসেল টি আহমেদ অবশ্য লটারির বিষয়টি মেনে নিয়েছন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি এখানে কোনো জটিলতা দেখি না। কারণ, গঠনতন্ত্র ও আইন মেনে লটারি হয়েছে।’

রাহিতুল ইসলাম