বেসিসের পুরস্কার পেল ‘ঈগল বিডি পুলিশ’ অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাওয়ার্ড তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর
সংগৃহীত

বিপদে পড়লে ‘ঈগল বিডি পুলিশ’ নামের নতুন একটি অ্যাপের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাহায্য চাওয়া যাবে। বিশেষ করে নারী ও শিশুদের তাৎক্ষণিক নিরাপত্তার কথা বলছেন এটির নির্মাতারা।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কমিউনিকেশনস সিস্টেম লিমিটেড (সিএসএল) স্মার্টফোন অ্যাপটি তৈরি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাপটি বর্তমানে ঢাকার শাহবাগ এবং আশুলিয়া থানায় পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। সে সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অন্তর্গত ৫০টি থানায় শিগগিরই চালুর পরিকল্পনা রয়েছে। পরে দেশের প্রতিটি থানায় সেটি চালুর ব্যবস্থা করা হবে।

অ্যাপটি গতকাল রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে।

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা পুরস্কার গ্রহণ করেন। বেসিসের অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অ্যাপটি যেভাবে কাজ করে

বিপদে পড়লে অ্যাপের মাধ্যমে সাহায্য চাইলে নিকটস্থ পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে একটি সংকেত যাবে। বিপদগ্রস্তের অবস্থান, ছবি ও মুঠোফোন নম্বর ভেসে উঠবে পুলিশ কর্মকর্তার মুঠোফোনে এবং তিনি দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তার ব্যবস্থা করবেন।

কোনো কারণে প্রথম কর্মকর্তা সাড়া না দিলে পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় কর্মকর্তার মোবাইল ফোনে সংকেত যাবে। একই সঙ্গে নিকটস্থ থানার ড্যাশবোর্ডে সংকেত বাজবে। সেই সংকেতও যদি গ্রহণ করা না হয়, তবে তা সরাসরি পৌঁছে যাবে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। অ্যাপটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না।

‘ঈগল বিডি পুলিশ’ অ্যাপ ব্যবহারের আগে নিবন্ধন করে নিতে হবে। যাদের বয়স ১৮ বছরের কম, তাদের ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হবে।

এ ছাড়া অ্যাপটির বিশেষ ব্যবস্থা হিসেবে থাকছে পরিবারের তিনজন সদস্যের মুঠোফোন নম্বর নিবন্ধন। জরুরি প্রয়োজনে এই অ্যাপ জরুরি নম্বর হিসেবে পরিবারের তিনজন সদস্যের নিবন্ধিত নম্বরেও পাঠিয়ে দেবে বিপৎসংকেত।

এরই মধ্যে ডিএমপির ৫১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআইদের অ্যাপটি সম্পর্কে ধারণা দিতে কয়েকটি কর্মশালা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।