বেড়াতে গিয়ে কীভাবে ভালো ছবি তুলবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্ন কোণ থেকে সৃজনশীল ছবি তুলতে পারেন
ভিন্ন কোণ থেকে সৃজনশীল ছবি তুলতে পারেন

কোথাও বেড়াতে গিয়ে কেনা স্মারক নষ্ট হয়ে যেতে পারে, তবে তোলা ছবিগুলো থেকে যাবে স্মৃতি হিসেবে। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন ভ্রমণ আলোকচিত্রী নাটালি আম্রোসি। ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যাননের এই শুভেচ্ছাদূত ৫০টির বেশি দেশে ঘুরে ঘুরে ছবি তুলেছেন। তিনি বলেন, ভ্রমণের ছবিগুলো তাৎক্ষণিকভাবে আপনাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় এবং মধুর স্মৃতি মনে করিয়ে দেয়। তবে ভালো ছবি তুলতে হলে আপনাকে পেশাদার আলোকচিত্রী হতে হবে না। মাথায় রাখতে হবে সাধারণ কিছু কৌশল।

জরুরি নয় পেশাদার ক্যামেরা

স্মৃতি ধরে রাখতে দামি ক্যামেরার দরকার নেই। স্মার্টফোন যদিও যথেষ্ট, তবে কম দামের হলেও অন্তত একটা ডিজিটাল ক্যামেরা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন নাটালি। এতে ছবির মান স্মার্টফোনের তুলনায় ভালো হবে। এমন ক্যামেরা বেছে নিতে হবে, যেটা আকারে ছোট, সব সময় সঙ্গে রাখা যায় এবং তারহীন ওয়াই-ফাই সমর্থন করে। ওয়াই-ফাই থাকলে সহজে ক্যামেরা থেকে স্মার্টফোনে ছবি আদান-প্রদান করা যাবে, ইচ্ছেমতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যাবে।

বেড়াতে গিয়ে কীভাবে ভালো ছবি তুলবেন?
বেড়াতে গিয়ে কীভাবে ভালো ছবি তুলবেন?

পরিকল্পনা আগে থেকে

কোথাও যাওয়ার আগে ঠিক কোন জায়গায় এবং দিনের কোন সময়ে ছবি তুলবেন, তা ঠিক করে নিতে পারেন। তবে তালিকায় শুধু বিখ্যাত জায়গার নাম না রেখে পর্যটকেরা কম যান এমন স্থানগুলোও বেছে নিতে পারেন। এতে হয়তো কোনো জায়গার সৃজনশীল উপস্থাপন সম্ভব হবে।

 সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়

জনবহুল জায়গাগুলোও সূর্যোদয়ের সময় সাধারণত ফাঁকা থেকে। অন্যদিকে সূর্যাস্তের সময়ে তোলা ছবি কোনো স্থানকে চমৎকারভাবে উপস্থাপন করতে পারে। নাটালির মতে, সূর্যোদয় ও সূর্যাস্তে একই জায়গার ছবি তুলেও দুই সময়ের পার্থক্য উপস্থাপন করা যেতে পারে।

 নিয়মের বাইরে গিয়ে

পরিকল্পনামাফিক কাজ করা ভালো। তাই বলে সৃজনশীল কোনো কাজ ধরাবাঁধা নিয়মের মধ্যে থেকে করা সব সময় সম্ভব হয় না। আর বেড়াতে গিয়ে তো নয়ই। যা আপনার কাছে দেখতে আকর্ষণীয় মনে হয়, তা-ই ধারণ করুন।

বিভিন্ন কোণ থেকে

উঁচু জায়গা থেকে কিংবা স্থাপনার ঠিক নিচে দাঁড়িয়েও অনেক সময় চমৎকার ছবি ধারণ করা যায়। এমন কোনো কোণ থেকে ছবি তুলতে পারেন, যা মানুষ সাধারণত লক্ষ করে না। এতে একই জায়গার নতুন উপস্থাপনা সম্ভব হয় বলে উল্লেখ করেন নাটালি।

মেহেদী হাসান, সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস