বেড়ানোর মৌসুমে মেলায় ডিজিটাল ক্যামেরার চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ ঘিরে রেখেছেন মেলায় আসা দর্শকেরা। সেখানে চলছে ফ্যাশন শো। গানের তালে তালে, হেঁটে হেঁটে নানা রকম প্রযুক্তিপণ্য প্রদর্শন করছেন মডেলরা। এর পরপরই শুরু হলো জাদুর খেলা। জাদুকরের দারুণ সব জাদু তন্ময় হয়ে দেখছেন সবাই। আর দুপুর গড়িয়ে বিকেল শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে প্রযুক্তিপ্রেমীদের সংখ্যা। এ দৃশ্য বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলার। ‘সিটিআইটি ২০১১’-এর এই মেলার সপ্তম দিনে গিয়ে দেখা গেল কম্পিউটার সিটিজুড়েই বিপুল দর্শক। নানা রকম প্রযুক্তিপণ্যের মধ্যে ডিজিটাল ক্যামেরার বেশ চাহিদা দেখা গেল। কেননা এখন শীতকাল, বেড়ানোর মৌসুম। দামে কম, আকারে ছোট ডিজিটাল ক্যামেরাই ক্রেতারা বেশি পছন্দ করছেন বলে জানালেন ক্যানন ক্যামেরার পরিবেশক জেএনএন অ্যাসোসিয়েটসের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল শাফী। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রবাল ভট্টাচার্য বলেন, ‘এই মাসে আমরা বেড়াতে যাচ্ছি আর ছোটবেলা থেকেই ছবি তোলার শখ, তাই ক্যামেরা কিনছি।’ মেলায় ক্যানন ক্যামেরার সর্বনিম্ন দাম ছয় হাজার ৯০০ টাকা। নাইকন সাত হাজার ৫০০, অলিম্পাস আট হাজার ৫০০ টাকা, সনি ব্র্যান্ডের ক্যামেরার দাম আট হাজার টাকা থেকে শুরু হয়েছে। এসব ক্যামেরার প্রতিটিতেই থাকছে নগদ অর্থ ছাড়, পুরস্কার ও বিক্রয়োত্তর সেবা।মেলায় ল্যাপটপ কম্পিউটারের পাশাপাশি ডেস্কটপ কম্পিউটারের চাহিদাও রয়েছে। গ্লোরিয়াস কম্পিউটার সিস্টেমের প্রধান নির্বাহী কামরুজ্জামান মৃধা জানান, অনেকেই নিজের কম্পিউটারকে নিজের মনমতো সাজাতে চান। যেমন—কেউ চান ৫০০ গিগাবাইটের হার্ডডিস্ক, উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড অথবা গেম খেলার জন্য বিশেষ সুবিধা, যা ল্যাপটপে একসঙ্গে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও দাম অনেক বেশি বলে ডেস্কটপ কম্পিউটারের দিকে এখনো অনেকের আগ্রহ রয়েছে। ফ্লোরা ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে ২১ হাজার ৯৯০ টাকায়। কম্পিউটার সোর্সের সিএসএম বিজয় পিসি ২০ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। রায়ানস কম্পিউটার ও রিশিত কম্পিউটার্সের ডেস্কটপ কম্পিউটারগুলোতে বিশেষ ছাড় ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। গতকাল মেলায় সংগীতব্যক্তিত্ব লাকী আখান্দকে সংবর্ধনা দেওয়া হয়। ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১০ দিনের এ মেলা শেষ হবে আগামী শনিবার। —মোছাব্বের হোসেন