
হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। অবশ্য বাজারে এর মধ্যেই এসে গেছে ঈদের নতুন পোশাক-আশাক। কেনাকাটা পুরোদমে শুরু না করলেও ঘুরে ঘুরে বুঝতে চাইছেন ঈদ-চলতি ট্রেন্ড। বাজার ঘুরে দেখা গেল, কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীদের পোশাকে বৈচিত্র্য সবচেয়ে বেশি। পোশাকের রং, কাট ও আবহাওয়ার সঙ্গে মানানসই কাপড়ের প্রাধান্য পেয়েছে। মোট কথা, এবারের ঈদে কিশোর-কিশোরীদের পোশাকের পুরো আয়োজনটাই উজ্জ্বলতায় ভরপুর। গরম ও বৃষ্টি—দুটোরই আঁচ পাওয়া যাবে এবারের ঈদে। পোশাকগুলোও নকশা করা হয়েছে সেই হিসেব মাথায় রেখেই। কিশোরীদের পোশাকে এ বছরের অন্যতম আকর্ষণ হবে স্কার্ট ও পালাজ্জো প্যান্ট। সেমি লম্বা থেকে লম্বা স্কার্টগুলোকে ঘের বেশি দিয়ে বানানো হয়েছে। এ ছাড়া র্যাপার স্কার্টও পাওয়া যাচ্ছে। টাই-ডাই, ব্লক ও ভারী পাড় ব্যবহার করা হয়েছে। পালাজ্জো দেখতে ডিভাইডারের মতোই। অনেক ঢিলেঢালা এই প্যান্টের সঙ্গে টপস, ফতুয়া ও চাপা ঘেরের লম্বা কামিজ পরা যাবে অনায়াসেই। কিশোরীদের টি-শার্টে পুঁতির ভারী কাজের পাশাপাশি হালকা নকশাও জায়গা করে নিয়েছে।

ফ্যাশন ডিজাইনার মায়া রহমান জানান, এবার টিনএজারদের পছন্দের তালিকায় পাশ্চাত্য ঢঙের পোশাকের প্রাধান্য বেশি।
ফ্রি সাইজ বা লুজ ফিটিং, মাঝারি লম্বা, প্লিটেড, ড্রেপিং, অপ্রতিসম (এসিমেট্রিক্যাল), মনোক্রোম প্যাটার্ন, ফ্লোয়ি, বিভিন্ন রকমের ফ্লেয়ার ও লেয়ার কাটের মাধ্যমে জিপসি, পনচো, টিউনিক ও ড্রেস তৈরি করা হয়েছে। টিউনিক ও টপসের সঙ্গে লেগিংস, জেগিংস ও ওয়াইড-লেগ প্যান্ট ব্যবহার করতে পারে। উজ্জ্বল হলুদ, গোলাপি ও চমকে দেওয়ার মতো সাহসী রংগুলো ব্যবহার করা হয়েছে। পাশ্চাত্য পোশাকে কাপড় ব্যবহার করার সময় দুটি বিষয়ের প্রতি খেয়াল রাখা হয়েছে। প্রথমত আরামদায়ক, দ্বিতীয়ত সহজে ধোয়া যাবে কি না। এ কারণে লিনেন, সুতি, জর্জেট ও নিট কাপড় প্রাধান্য পেয়েছে। পার্টি পোশাকের ক্ষেত্রে শিফন, লাইক্রা, জর্জেট ও ক্রেপ ব্যবহার করা হয়েছে।

সালোয়ার-কামিজের ঝুলটা মাঝারি লম্বা থেকে গোড়ালির কিছুটা ওপরে এসে ঠেকে যাবে। লম্বা কামিজের জন্য টাইটস, চুড়িদার অথবা পালাজ্জো সালোয়ারের বিকল্প হিসেবে মানানসই হবে। সালোয়ার-কামিজের কাটে ভিন্নতা যোগ করা হয়েছে। নিচের দিকে তিন কোনা ছাঁট, গোলাকার কাট, পেছনে লম্বা ও সামনে ছোট ছাঁট দেওয়া হয়েছে। সালোয়ার-কামিজে ব্লক, স্ক্রিনপ্রিন্ট, কারচুপি কাজসহ বিভিন্ন কাজ করা হয়েছে। ছেলেদের পাঞ্জাবির লম্বা হাঁটুর খুব একটা নিচে নামতে দেখা যাচ্ছে না। উজ্জ্বল, গাঢ় ও হালকা—তিন ধরনের রংই জায়গা করে নিয়েছে।

‘লাল রং হবে তোমার নতুন কালো রং’—ছেলেদের প্যান্টের ক্ষেত্রে এমন স্লোগান শোনা যাচ্ছে। এবার কিশোরদের প্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল রং।

লা রিভের হেড অব ফ্যাশন মন্নুজান নার্গিস জানান, কিশোর-কিশোরীদের পোশাকে একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করা হয়েছে। কালার ব্লকিং ট্রেন্ডটা এবার ছেলেদের ফ্যাশনে বেশি দেখা যাবে। ছেলেদের জন্য লাল, হলুদ, কমলা, সবুজসহ বিভিন্ন রঙের প্যান্ট জনপ্রিয়তা পাবে। ছেলেদের প্যান্টে চাপা কাটিংটাই চলবে। ছেলেদের টি-শার্টে শোভা পাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নাম, সংলাপ, মুখচিত্র ও আড়াআড়ি করে ফেলা স্ট্রাইপের নকশা। ক্যাজুয়াল শার্টে চেকের ব্যবহার চোখে পড়ছে।


ফ্যাশন হাউস ব্যাং-এর স্বত্বাধিকারী সায়েম হাসান বলেন, গরমের কারণে এবার হাফ-হাতা, থ্রি-কোয়ার্টার হাতা শার্ট জনপ্রিয়তা পাবে। লম্বায় ছোট কুর্তাগুলোও কিশোরদের জন্য মানানসই হবে। তবে যেটাই পরুক না কেন, উজ্জ্বল রঙের স্পর্শ পোশাকে থাকলে দেখতে ভালো লাগবে।
দরদাম
পোশাকের দামটা সম্পূর্ণভাবে নির্ভর করবে কাপড়ের মান, নকশা ও ব্র্যান্ডের ওপর। ঢাকা কলেজের উল্টাদিকের দোকানগুলোয় টি-শার্ট ১২০ টাকা পাওয়া যাবে। তবে ব্র্যান্ডের দোকানে পছন্দমতো টি-শার্ট পাবেন ১৫০০ টাকার ভেতরে। ছেলে ও মেয়েদের জিনসের প্যান্ট, জেগিংস, গ্যাবার্ডিনের প্যান্ট পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৩০০০ টাকার ভেতরে। মেয়েদের বিভিন্ন ধরনের ফতুয়া, ড্রেস, স্কার্ট, কাফতান ও টিউনিক পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩০০০ টাকার ভেতরে। সালোয়ার-কামিজ ও পাঞ্জাবির দাম ওঠানামা করবে নকশা ও কাজের ওপর ভিত্তি করে।