বৈদ্যুতিক গাড়ির জন্য হালকা চার্জার
ইলেকট্রিক বা বিদ্যুৎচালিত গাড়ি অনেকে ব্যবহার করলেও তা রিচার্জ করা একটি সমস্যা। অন্যদিকে যাতায়াতের পথে বেশির ভাগ জায়গায় এগুলোর কোনো রিচার্জিং স্টেশন না থাকায় চার্জ ফুরানোর ভয়েও অনেকে এ গাড়ি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন না। ফলে পরিবেশ রক্ষায় ইলেকট্রিক গাড়ি ব্যবহারের ইচ্ছা থাকলেও পিছিয়ে পড়ছেন অনেকেই। তবে এ সমস্যার সমাধানে গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন পোর্টেবল বা হালকা চার্জার আনার কথা ভাবছে। চলতি বছরের জেনিভা মোটর শোতে বেশ কিছু গাড়ির উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান নতুন এক ধরনের হালকা চার্জার দেখিয়েছেন। পাশাপাশি অনেকেই ঘোষণা করেছেন, দেশব্যাপী আরও বেশি চার্জিং স্টেশন স্থাপন করার জন্য। আর এ জন্য তারা বড় আকারের গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতেও যাবে। ‘গ্রিন মোশন’ নামের একটি সুইস প্রতিষ্ঠান বেশ কিছু হালকা ও বহনযোগ্য ইলেকট্রিক চার্জার দেখিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ছয় থেকে শুরু করে ২১০ কেজি ওজনের ইলেকট্রিক চার্জার। এগুলো দেখতে অনেকটা পেট্রল পাম্পের মতো। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, সবাই তাঁদের গাড়ি বাসাতেই রিচার্জ করতে চান। নতুন চার্জার আসার খবরে অনেকেই আশা করছেন, ইলেকট্রিক গাড়ি রিচার্জ করার যেসব নতুন প্রযুক্তি বের হচ্ছে, তাতে খুব শিগগিরই ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা ও ব্যবহার বেড়ে যাবে এবং তৈরি হবে পরিবেশবান্ধব পরিবেশ। —ইয়াহু নিউজ অবলম্বনে প্রদীপ সাহা