
প্রচণ্ড গরমে অফিস থেকে বাসায় ফিরলেন, আর ফিরেই বাড়িয়ে দিলেন ঘরের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা। বাসায় ফেরার পর রাত থেকেই সকাল পর্যন্ত হয়তো একটানা চালিয়ে রাখছেন তা। আর লোডশেডিংও চলছেই। এই সময়ে তাই বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলোতে নানা সমস্যা দেখা দিতে পারে।
ট্রান্সকম ডিজিটালের জোনাল বিক্রয় ব্যবস্থাপক (সেলস ম্যানেজার) এস এম মেহেদী হাসান বলেন, ‘গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য বেড়েছে বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার। তবে কোনো কিছুই মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না। যেকোনো বৈদ্যুতিক যন্ত্র একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ব্যবহার করতে হবে, নইলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। বৈদ্যুতিক লাইন, সকেট, ফিল্টার—এসবের লোডটা ঠিকমতো পরীক্ষা করতে হবে। লোডশেডিংয়ের পর বৈদ্যুতিক শক্তি যে পরিমাণ আসার কথা, সে পরিমাণ না এসে যদি কম আসে, তাহলে বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে। এ জন্য অবশ্যই মাঝে মাঝে ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করাতে হবে যন্ত্রগুলো।’ তাঁর আরও কিছু পরামর্শ দেখে নিন।
শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসির তাপমাত্রা নিম্নে ১৭ আর সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন। একই তাপমাত্রায় দীর্ঘক্ষণ চালালে ভেতরে বরফ জমে যায়। বাতাস বের হতে পারে না।
ফলে এসির ভেতরে শব্দ হতে থাকে। আবার এসি বন্ধ করলে পানি পড়তে থাকে অনবরত।
এ জন্য প্রথমে এসি চালু করে ঘরটা একটু ঠান্ডা করে নিন। তারপর প্রয়োজনমতো তাপমাত্রা পরিবর্তন করতে পারেন। তবে দীর্ঘক্ষণ একই তাপমাত্রায় রাখা যাবে না, তাতে যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে।
এই গরমে আমরা হয়তো রেফ্রিজারেটরের তাপমাত্রা কমিয়ে রাখি। মনে করি যে ঠান্ডা বেশি হলে খাবার অথবা পানি বেশি ঠান্ডা থাকবে। কিন্তু এ ধারণা একেবারেই ঠিক নয়। অনেক সময় দেখা যায়, এ কারণে ফ্রিজের বাইরের দিকটা ঘেমে যায়। আবার অসাবধানে দীর্ঘ সময় ধরে ফ্রিজের দরজা খুলে রাখলেও এটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ফ্রিজে রাখা জিনিসের পরিমাণ অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করতে হবে। অনেক কিছু রাখা হলে তাপ একটু কমিয়ে দিতে পারেন। সাধারণত রেফ্রিজারেটরের তাপমাত্রা ৩-এ রাখতে হবে।
রেফ্রিজারেটরের দরজার পাশে যে গ্যাসকেট থাকে, অনেক সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে ফ্রিজের ভেতরের বাতাস বের হয়ে তা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট গ্যাসকেট পরিবর্তন করে ফেলতে হবে দ্রুত।
সাধারণত দুই মাস পর পর ডিপ ফ্রিজের বরফ ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। ডিপ ফ্রিজের নিচে পানি জমতে পারে। তা পরিষ্কার করে ফেলতে হবে, নইলে ডিপ ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে।
এই গরমে সাধারণত জুসার ব্যবহার করা হয় বেশ। তবে এতে যেন একসাথে অনেক ফল না দিয়ে পরিমাণমতো ফল দেওয়া হয়। যন্ত্রের নির্দেশনা ও ধারণক্ষমতা অনুযায়ী ব্যবহার করতে হবে।
সারা দিনে বারবার ওভেনে খাবার গরম না করে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিন।
একটানা অনেকক্ষণ ফ্যান চালানোর পরে ফ্যানের রেগুলেটর গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই টানা ব্যবহারের পর ফ্যান বন্ধ রাখতে হবে ঘণ্টা খানেক।