বৈধ সরকারকে অস্ত্র সরবরাহে কোনো নিষেধাজ্ঞা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতিন
পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জার্মানি সফর করেন। এ সফরের আগে জার্মানির বৃহত্তম টেলিভিশন ও বেতার সম্প্রচার প্রতিষ্ঠান এআরডির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। তার উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো

জার্মানি ও রাশিয়ার মধ্যে রয়েছে বিশেষ সম্পর্ক। তবে সম্প্রতি কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া জার্মান অনুদানের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। জার্মান নাগরিকদের নজরদারিতে রাখা হচ্ছে। এসব কেন করা হচ্ছে?

গত বছরের শেষদিকে আমরা নতুন একটি আইন করেছি। এতে বলা হয়েছে, যেসব বেসরকারি সংগঠন (এনজিও) রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক-প্রক্রিয়ায় সংযুক্ত হবে তাদের বিদেশি এজেন্টের মতো দেখা হবে। এই আইন বলেই নজরদারি করা হচ্ছে। আর এই আইন রাশিয়া প্রথম করেনি। যুক্তরাষ্ট্রে ১৯৩৮ সাল থেকেই এমন আইন রয়েছে।

আপনি কি মনে করেন, রাশিয়ার রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন?

অবশ্যই। আমি মনে করি, ভালো প্রতিদ্বন্দ্বী ছাড়া রাজনীতি বা অর্থনৈতিক উন্নয়ন, কোনোটাই সম্ভব নয়। আমরা আমাদের দেশ ও জনগণের উন্নয়ন নিশ্চিত করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। রাজনীতিসহ সমাজজীবনের প্রতিটি পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন।

জার্মানি সফর থেকে কী আশা করছেন?

রাশিয়া ও জার্মানি পরস্পরের গুরুত্বপূর্ণ অংশীদার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ও সংগঠন হিসেবে ইইউ আমাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। আমাদের মোট বাণিজ্যের কমবেশি ৫০ শতাংশই তাদের সঙ্গে হয়। এর আর্থিক অঙ্ক প্রায় ৪৫ হাজার কোটি মার্কিন ডলার। আর ইইউর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই আমাদের অবস্থান। ইউরোপে জার্মানিই আমাদের প্রথম বাণিজ্যিক অংশীদার। জার্মানির সঙ্গে আমাদের সাত হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। দুই দেশের মধ্যে প্রযুক্তি, বিমান চলাচল ও প্রকৌশল খাতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আমরা আশাবাদী। গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল এসব খাতের প্রতিই আমি গুরুত্ব দিতে চাই।

সিরিয়ার ব্যাপারে রাশিয়ার অবস্থান কী?

আমি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব দুই পক্ষের পাল্টাপাল্টি বন্ধ করা এবং সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত। আমরা প্রায়ই বলতে শুনি, ‘রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অস্ত্র সরবরাহ করছে।’ প্রথমত, কোনো দেশের বৈধ সরকারকে অস্ত্র সরবরাহে কোনো নিষেধাজ্ঞা নেই। দ্বিতীয়ত, সম্প্রতি সিরিয়ার বাইরে থেকে দেশটির বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম, সম্ভবত নিউইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে। এমন অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। আমি আবারও জোর দিয়ে বলছি, আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কোনো মূল্যবোধে সশস্ত্রগোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের বিষয়টি গ্রহণযোগ্য নয়। ওই সশস্ত্রগোষ্ঠী একটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে সিরিয়ায় যা চলছে তা নৃশংস হত্যাকাণ্ড, বিপর্যয় ও ভয়াবহ দুর্যোগ। এটা বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আসতে হবে। আমি মনে করি সিরিয়ায় রক্তপাত বন্ধের প্রথম পদক্ষেপ এটাই।

ইইউ মুদ্রা ইউরোর ওপর আপনার আস্থা আছে কি?

হ্যাঁ, ইউরোর প্রতি আমার আস্থা আছে। জার্মানিসহ ইউরোপের বেশির ভাগ দেশের অর্থনৈতিক নীতির ওপরও আমরা আস্থা রাখি। তবে ইউরো ইস্যুতে অনেকের অনেক মতামত রয়েছে। আমরা সেগুলোও খেয়াল করি।

আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আবার প্রেসিডেন্ট হয়েছেন। এভাবে যত দিন নির্বাচিত হবেন, তত দিনই কি প্রেসিডেন্ট থাকতে চান?

প্রতিটি মানুষ নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চায়। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এমন রাজনীতিকদের মধ্যে আমি এখনো অনেক দূরে আছি। ইউরোপেও অনেকে আছেন, যাঁরা আমার চেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন। যা-ই হোক, আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর অন্য কিছু নিয়ে ব্যস্ত হব। তা হতে পারে সামাজিক জীবন, খেলাধুলা বা অন্য কিছু।

সূত্র: আরটি

ভাষান্তর: মাহফুজাররহমান