
পয়লা বৈশাখে শুধু বড়রাই বাইরে যাবেন, তা তো নয়। পরিবারের অনেক সময় মা-বাবারা নবজাতককে নিয়েও বের হন। উৎসবের দিনে সবাই মিলে ঘুরতে যাবেন, সেটি কোনো সমস্যা নয়। কিন্তু নবজাতক বা শিশুর প্রতি বাড়তি যত্ন নিতে হবে, তা ভুলে গেলে চলবে না।
আমরা মনে করি, এক দিন শিশু ভারী কাপড়ের কোনো পোশাক পরল, একটু রোদে ঘুরল। অসুবিধা কোথায়। এ বিষয়ে বারডেম হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান তাহমিনা বেগম বলেন, ‘গরমে কোনো অবস্থাতেই শিশুকে ভারী বা মোটা কাপড় পরানো যাবে না। পয়লা বৈশাখে শিশুদের পোশাক অবশ্যই নরম সুতি কাপড়ের হতে হবে। বাড়ি থেকে ছোট বোতলে পানি নিতে হবে। গরমে ঘেমে শিশুর পানিস্বল্পতা হতে পারে। তাই একটু পর পর পানি খাওয়াতে হবে। ডাবও খাওয়াতে পারেন।’ বিশেষজ্ঞরা বলেন, বাইরের খাবার শিশুরা যেন না খায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছয় মাস বয়সের আগ পর্যন্ত নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।
বৈশাখের প্রথম দিনে আবহাওয়া বেশ তপ্ত থাকে। মাথার ওপর থাকে প্রখর রোদের উত্তাপ। বেশিক্ষণ রোদের মধ্যে নবজাতককে না নেওয়া ভালো। সকালে বা দুপুরের পরে বের হলে সঙ্গে ছাতা রাখতে হবে। নবজাতককে নরম সুতির কাপড়ে পেঁচিয়ে নিতে পারেন। নবজাতক ঘেমে গেলে একটু পর নরম কাপড়, ওয়াইপস বা টিস্যু দিয়ে মুছে দিতে হবে। ঘাম থেকে ঠান্ডা লাগতে পারে। সঙ্গে নবজাতক থাকলে মাকে আগেই আলাদা একটি ব্যাগ গুছিয়ে নিতে হবে।
যেসব নবজাতক ডায়াপার ব্যবহার করে, তাদের ডায়াপার পরিয়ে বাইরে নেওয়া ভালো। লক্ষ রাখবেন, ডায়াপার যেন ভিজে না থাকে। ব্যবহূত হলে পরিবর্তন করতে হবে। সে জন্য বাড়তি ডায়াপার ব্যাগে রেখে দেবেন। নবজাতকের জন্য ছোট হাতপাখাও রাখতে পারেন। অবশ্য নবজাতককে নিয়ে দীর্ঘসময় বাইরে না থাকাই ভালো।