বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত রয়েছে l ছবি: নাসা
মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত রয়েছে l ছবি: নাসা

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণায়ন চলছেই এবং এতে কোনো বিরতির প্রমাণ মেলেনি। সারা বিশ্বের পৃষ্ঠের তাপমাত্রার হালনাগাদ তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) একদল বিজ্ঞানীর ওই গবেষণা প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিশ শতকের মধ্যভাগ থেকে একুশ শতকের প্রথম ১৫ বছরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ‘ধীরগতি’ এসেছে বা তাপমাত্রা ‘স্থির’ রয়েছে—এমন কোনো প্রমাণ নতুন বিশ্লেষণে পাওয়া যায়নি।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়ায় গত শতকের মাঝামাঝি পর্যায় থেকে এখন পর্যন্ত সাময়িক ‘ছেদ’ পড়েছে বলে ধারণার প্রচলন রয়েছে। নতুন ওই গবেষণায় তাপমাত্রার হালনাগাদ ও সঠিক তথ্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। এনওএএ জানায়, এসব তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে স্থলভূমি এবং সমুদ্রে বাণিজ্যিক জাহাজ ও অন্যান্য নৌযানে স্থাপিত হাজারো পর্যবেক্ষণকেন্দ্রের সাহায্য নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি শতকের প্রথম ১৫ বছরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার গত শতকের শেষার্ধের মতোই বেশি। এতে দ্রুতগতিতে অব্যাহত উষ্ণায়নের ইঙ্গিত মেলে। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির নতুন নজির স্থাপিত হয়েছে এবং ২০১৪ সাল ছিল আধুনিক ইতিহাসের উষ্ণতম বছর। গবেষক দলের প্রধান টমাস কার্ল বলেন, উষ্ণতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ প্রতিবেদনের মাধ্যমে ব্যাপারটা জনসাধারণ জানতে পারবে।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বেশি বেশি গ্রিনহাউস গ্যাস ছড়াচ্ছে। এ কারণে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। নতুন গবেষণাটি বৈশ্বিক উষ্ণতার অনিশ্চিত পরিণামের ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছে।
সূত্র: এএফপি ও বিবিসি।