বৈশ্বিক বিপর্যয়েও অব্যাহত, থাকবে জনসংখ্যা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকসই জীবন যাপনের ক্ষেত্রে আগামী শতকে যেসব সমস্যা দেখা দেবে, বিশ্বের বর্তমান জনসংখ্যা হবে সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ—ছবি: প্রথম আলো
টেকসই জীবন যাপনের ক্ষেত্রে আগামী শতকে যেসব সমস্যা দেখা দেবে, বিশ্বের বর্তমান জনসংখ্যা হবে সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ—ছবি: প্রথম আলো

চলতি শতাব্দীতে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি একটি অপ্রতিরোধ্য পর্যায়ে ‘আটকে গেছে’। এ পরিস্থিতি সহজে পরিবর্তন করা যাবে না। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ বা ব্যাপক প্রাণহানির মতো অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও জনসংখ্যা বৃদ্ধির এই হার কমাতে পারবে না। নতুন এক গবেষণার ভিত্তিতে এমনটিই দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক।
গবেষকদের মতে, জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটি বোমা বিস্ফোরণের মতো। আকস্মিকভাবে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোরও উপায় নেই। কারণ, এখন মানুষের সংখ্যা এতটাই বেশি যে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়েও জনসংখ্যা বৃদ্ধির হার কমবে না। তবে বিশ্বে সবচেয়ে বেশি জন্মহার যে এলাকায়, সেখানকার মানুষের প্রজনন ক্ষমতা কমাতে পরিকল্পিত কোনো উদ্যোগ নিলে তা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের উদ্যোগে দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে।
বর্তমানে বিশ্বের যে জনসংখ্যা, তা আগামী শতাব্দীতে টেকসই জীবন যাপনের পথে ভয়াবহ বাধা হয়ে দাঁড়াবে। এমনকি পৃথিবীর সব দেশ যদি ‘এক-সন্তান’ নীতিতে কড়াকড়ি আরোপ করে, তার পরও এ সমস্যার সমাধান হবে না। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ও এর নানামুখী প্রভাব নিয়ে গবেষণা করেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। এতে নেতৃত্ব দেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষক কোরি ব্র্যাডশ এবং তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্যারি ব্রুক। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মানুষের মৃত্যুর কারণে জনসংখ্যা হ্রাস পাওয়ার হার হিসাব করে দেখা যায়, বিশ্বজুড়ে অতি দ্রুত এক-সন্তান নীতি নেওয়া হলেও ২১০০ সালের জনসংখ্যা এখনকার সমানই থাকবে। আর চলতি শতকের মাঝামাঝি পর্যায়ে কোনো ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০০ কোটি মানুষ যদি মারা যায়, তার পরও ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটির মতো।
বর্তমানে বিশ্বের জনসংখ্যা ধরা হয় ৭১০ কোটি। গবেষকদের হিসাব অনুযায়ী, এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এই জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাবে। আর ২১০০ সালে জনসংখ্যা হবে দুই হাজার ৫০০ কোটি। এই হিসাব করতে গিয়ে বর্তমান সময়ে মানুষের সন্তান জন্মদানের ক্ষমতা বিবেচনায় নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ক্ষমতা কমে যাবে বলে ধারণা করা হয়।
ব্রাডশ বলেন, বড় কোনো দুর্যোগের কারণে সংখ্যায় কমে গেলে প্রাণিজগতে যে প্রভাব পড়ে, তার ভিত্তিতে তাঁদের গবেষণাটি সাজানো হয়। এখানে ব্যাপক প্রাণহানি বা বিশ্বযুদ্ধের মতো বিশ্বের জনসংখ্যায় প্রভাব রাখে এমন বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা এতটাই বেশি যে নির্দিষ্ট ভরবেগ আছে। সহজভাবে বোঝাতে জনসংখ্যা বৃদ্ধি হলো অনেকটা ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলা একটি গাড়ির মতো। গাড়িটি থামানোর জন্য যত জোর দিয়েই ব্রেক চাপা হোক না কেন, কিছু দূর এগিয়ে যাওয়ার পরই এটি থামবে, তাৎক্ষণিকভাবে নয়।
জনসংখ্যাবিষয়ক সংস্থা পপুলেশন ম্যাটারসের প্রধান নির্বাহী সাইমন রস বলেন, উন্নয়নশীল বিশ্বে আধুনিক পরিবার পরিকল্পনায় ছড়িয়ে দিতে ৪০০ কোটি মার্কিন ডলারের কম ব্যয় হবে। তবে এটিই হতে পারে জনসংখ্যা হ্রাসের অন্যতম অস্ত্র। ইনডিপেনডেন্ট।