
আজকাল আমরা সবচেয়ে বেশি ফ্রি পাই সম্ভবত মোবাইল ফোন কোম্পানির দেওয়া এসএমএস আর টকটাইম। এই ফ্রি টকটাইম পেলে আমরা কী করি? বন্ধু তো বন্ধু, ফ্রি টকটাইমের সদ্ব্যবহার করতে পারলে আমরা শত্রুকেও ফোন করি!
তাহলে কী করে বুঝবেন ফোন কলের কোনটা আসল আর কোনটা ফ্রি টকটাইমের সদ্ব্যবহারের জন্য। সেটা যাচাই করার জন্য এগিয়ে এসেছে রস+আলো।
কৃপণ বন্ধু (যে ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপেও মিসড কল দেয়)
কৃপণ বন্ধু: দোস্ত, কী খবর তোর? তুই তো আমার খোঁজখবর রাখিস না আজকাল! ফোন করলেও ধরিস না (এক সেকেন্ডের যে মিসড কল সে দেয়, সেটা পৃথিবীর কারোরই ধরার সাধ্য নেই)। কী, ব্যস্ত ছিলি? এখন তো ব্যস্ত থাকবিই। আমাদের সঙ্গে আড্ডা তো আর দিস না। সারা দিন প্রেমিকার পেছনেই ঘুরঘুর করিস। বন্ধুদের ভুলিস না, দোস্ত। আঙ্কেল-আন্টি ভালো তো! আর তোদের বিড়ালটা কেমন আছে? তোর সঙ্গে অনেক দিন দেখা হয় না, দোস্ত। একদিন আয়, আড্ডা দেওয়া যাবে...
ভুলে যাওয়া এক বন্ধু (বছরে যার সঙ্গে কেবল উৎসব-পার্বণেই দেখা হয়)
বন্ধু: হ্যালো রিন্টু, চিনতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, আমি কফিল। বন্ধু রে, অ্যামনে ভুলে গেলি! তোর আর আমার ফ্রেন্ডশিপ কত ডিপ ছিল, ভাবলেই কেমন নস্টালজিক হয়ে পড়ি রে বন্ধু! একসঙ্গে স্কুলে যেতাম, খেলতাম। এখন তো দেখলেও না দেখার ভান করবি বোধ হয়। হায় রে দুনিয়া! কত কী দেখলাম! দোস্ত, তোর কি ওই ঘটনাটা মনে আছে? ওই যে আমরা একবার অঙ্কে লাড্ডাগাড্ডা মারলাম...হা হা হা! তারপর, আর খবর কী, বল তো। প্রেম-টেম করিস? ফিউচার প্ল্যান কী তোর? আমার তো চলছে, একটা বায়িং হাউসে আছি। অফিস থেকে গাড়ি দিল। অফিসের এদিকে এলে ফোন দিস...
সাবেক প্রেমিক (যার সঙ্গে আপনার বিচ্ছেদ হয়েছে বছর দুয়েক আগে)
প্রেমিক: কেমন আছ তুমি? ফোন কেন দিলাম? না, অন্য কোনো উদ্দেশ্য নেই। তোমার ভয়েসটা অনেক দিন শুনি না, তাই আরকি! বিথি, তোমার কি আগের কথাগুলো মনে পড়ে? জানো, রাতে যখন বোনাস পাই; স্যরি রাতে যখন ঘুম আসে না, তখন তোমার কথাই মনে পড়ে! এসব শুনতে বিরক্ত লাগছে? হাহ্, লাগবেই তো। ও আচ্ছা, তোমার বিয়েও ঠিক হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে তো একদিন করতেই হবে। তো হবু বর কী করে? আচ্ছা, ভালো থেকো...
অপরিচিত কেউ (আপনার সঙ্গে যার দেখা হওয়ার কোনো কারণ নেই)
অপরিচিত: হ্যালো...হ্যালো...এটা কি হাসিবের নম্বর? আমি সুজন সুজন।...কি, এটা হাসিবের নম্বর না? রং নম্বর! সমস্যা নাই, এটা কোন জায়গা, আপু?...জায়গার নাম বলবেন না ঠিক আছে। আপনার সঙ্গে একটু কথা বলি?...কী করেন আপনি?...সবকিছুতেই কি লাভ খুঁজতে হয়? ওই যে কবি বলেছেন না, সখি ভাবনা কারে বলে? আমি বলি, সখি লাভ কারে বলে? হা হা হা!...না, মানে…দুইটা মিনিট কথা বলি? আপনি কি সত্যিই হাসিবকে চেনেন না! কিন্তু এটা তো ওরই নম্বর...
মিতব্যয়ী বান্ধবী (যে নিজে ফোন করলে এক মিনিটের বেশি কথা বলে না)
এই, তোর কী হলো রে! কত দিন ফোন দিস না। আন্টির ডায়াবেটিসের কী অবস্থা? দোস্ত, শোন, সেদিন যে নতুন জামাটা কিনলাম না? হ্যাঁ হ্যাঁ, পার্পল কালারেরটা। সেটা কালকে পরতে গিয়ে দেখি হাতের দিকটায় ফেসে গেছে! কেমন লাগে বল! আর জানিস ও না আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। এদিকে মারিয়া কী করেছে, জানিস তো? বদমাশ একটা! ক্যাম্পাসে ওর বয়ফ্রেন্ডকে এনে সে কী ঢং! তোর সঙ্গে অনেক দিন ঘুরতে যাই না রে, দোস্ত! তুই কিন্তু মাঝেমধ্যে ফোন দিবি, আমিই তো সব সময় দিই...