ব্য ব সা য় প রি চি তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর  অংশ-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসায় পরিচিতি থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?
উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে।
প্রশ্ন: ব্যবসায় উদ্যোগ কী?
উত্তর: একটি ব্যবসায় সংগঠন স্থাপনের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে।
প্রশ্ন: উদ্যোক্তা কাকে বলে?
উত্তর: একটি সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে।
অধ্যায়-৪
জ্ঞানমূলক প্রশ্ন:
প্রশ্ন: ব্যবসায় সংগঠন কাকে বলে?
উত্তর: একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। এই সংগঠন কোনো ব্যবসায়ে নিয়োজিত থাকলে তাকে ব্যবসায় সংগঠন বলে।
প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানি কী?
উত্তর: কমপক্ষে দুজন থেকে সর্বোচ্চ ৫০ জনের মধ্যে যেকোনো সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় একত্র হয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠন করে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানি কী?
উত্তর: কমপক্ষে সাতজন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে সীমাবদ্ধ দায় ও চিরন্তন অস্তিত্বসম্পন্ন যে যৌথ ব্যবসায় সংগঠন গড়ে তোলে, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
প্রশ্ন: সমবায় ব্যবসায় কী?
উত্তর: সমশ্রেণী ও পেশাভুক্ত কতিপয় ব্যক্তি সাধারণ লক্ষ্য অর্জনকল্পে সমঝোতা, সহযোগিতা ও সম-অধিকারের ভিত্তিতে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে সমবায় ব্যবসায় বলে।
প্রশ্ন: অংশীদার আইন কী?
উত্তর: সাধারণত অংশীদারি ব্যবসাকে নিয়ন্ত্রণের জন্য প্রণয়নকৃত নিয়মকানুনকে অংশীদারি আইন বলে। প্রকৃতপক্ষে যে আইন অংশীদারি ব্যবসায়ের গঠন, নিবন্ধন, পরিচালনা, নিয়ন্ত্রণ, বিলোপ সাধনসহ অংশীদারি ব্যবসাযের নিয়মনীতি বর্ণনা করে তাকে অংশীদারি আইন বলে। যেমন: বাংলাদেশে প্রচলিত ১৯৩২ সালের ভারতীয় অংশীদারি আইন।
প্রশ্ন: চুক্তিপত্র কাকে বলে?
উত্তর: অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। অংশীদারি চুক্তিপত্রকে অংশীদারি প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা সংবিধান হিসেবে আখ্যায়িত করা যায়।
যে দলিলে অংশীদারি ব্যবসায়ের গঠন, উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের অধিকার ও দায়দায়িত্ব প্রভৃতি লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।
প্রশ্ন: উদ্যোগতা কাকে বলে?
উত্তর: যে ব্যবসা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগতা। উদ্যোগতা হলো এমন একজন ব্যক্তি যে কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠার জন্য প্রাথমিক ঝুঁকি ও দায়দায়িত্ব গ্রহণ করে।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: কোম্পানি সংগঠনের দুটি সুবিধা লেখো।
উত্তর: যৌথ মূলধনী বৃহদায়তন ব্যবসায় সংগঠন হিসেবে কোম্পানির অনেকগুলো সুবিধা আছে। নিচে কোম্পানির সংগঠনের দুটি সুবিধা উল্লেখ করা হলো।
১. কোম্পানি আইনের দ্বারা সৃষ্ট এবং মালিক থেকে পৃথক এক কৃত্রিম সত্তার অধিকারী। এটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন।
২. পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো অবাধে হস্তান্তর করা যায়।
প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয় কেন?
উত্তর: ১৯৯৪ সালের কোম্পানি আইনের শর্ত মোতাবেক পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনের পর ব্যবসায় কার্য শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অনুমতিপত্র সংগ্রহের শর্তগুলো হলো—
১. ন্যূনতম চাঁদার অর্থ সংগৃহীত হয়েছে।
২. পরিচালকেরা তাদের গৃহীত শেয়ার মূল্য পরিশোধ করেছে।
৩. উপরিউক্ত ১ ও ২-এর শর্তাবলি পালিত হয়েছে এ মর্মে কোনো পরিচালক বা কোম্পানির সচিবের দেওয়া ঘোষণা।
৪. বিবরণপত্র প্রচার না করলে বিবরণপত্রের বিকল্প বিবৃতি কোম্পানি নিবন্ধকের কাছে দাখিল করতে হবে। নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল