ব্য ব সা য় প রি চি তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবন প্রশ্ন nঅংশ-৭
প্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসায় পরিচিতি থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
জ্ঞানমূলক প্রশ্ন:
প্রশ্ন: ব্যবসায়িক পত্র কাকে বলে?
উত্তর: ব্যবসায়-সংক্রান্ত লিখিত পত্রকে ব্যবসায়িক পত্র বলে। এটি মূলত ব্যবসায়-সংক্রান্ত বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পত্রের আদান-প্রদানকে বোঝায়। এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের সূত্রপাত, সম্প্রসারণ ও নিষ্পত্তি হয়ে থাকে।
প্রশ্ন: অ্যারোগ্রাম কাকে বলে?
উত্তর: সাধারণ চিঠি লেখার বিভিন্ন উপায় আছে। অ্যারোগ্রাম এগুলোর মধ্যে অন্যতম একটি উপায়। এটা দুধরনের হতে পারে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক। অ্যারোগ্রামে প্রয়োজনীয় ডাক মাশুলসহ লেখার কাগজ থাকে।
প্রশ্ন: নিবন্ধিত চিঠি কী?
উত্তর: যে চিঠির প্রেরক ও প্রাপকের নাম ডাকঘরের খাতায় লিপিবদ্ধ হয়, তাকে নিবন্ধিত চিঠি বলে। চিঠি যাতে নিশ্চিতভাবে প্রাপকের কাছে পৌঁছে, সে জন্য তা রেজিস্ট্রি বা নিবন্ধিত করা হয়।
প্রশ্ন: ব্যবসায়িক যোগাযোগ কী?
উত্তর: ব্যবসায় সংগঠনের ভেতর ও বাইরে যে তথ্য, আদেশ-নির্দেশ প্রভৃতি আদান-প্রদান হয়, তাকে ব্যবসায়িক যোগাযোগ বলে।
প্রশ্ন: ব্যবসায়িক যোগাযোগকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর: ব্যবসায়িক যোগাযোগের বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. অভ্যন্তরীণ যোগাযোগ,
২. বাহ্যিক যোগাযোগ।
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য দুই ধরনের যোগাযোগ খুব গুরুত্ব বহন করে। এটা লিখিত বা মৌখিক হতে পারে।
প্রশ্ন: চিঠি নিবন্ধন করার অন্যতম একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
উত্তর: চিঠি নিবন্ধিত ডাকে পাঠানো যায়। এ রকম চিঠির প্রাপক ও প্রেরকের নাম ডাকঘরের পাতায় লিপিবদ্ধ করা হয় বলে একে নিবন্ধিত বা রেজিস্টার্ড পত্র বলে। চিঠি নিবন্ধন করার অন্যতম একটি উদ্দেশ্য হলো, চিঠি পৌঁছানোর নিশ্চয়তা বিধান। চিঠি যাতে নিশ্চিতভাবে প্রাপকের কাছে পৌঁছে, সে জন্য তা রেজিস্ট্রি বা নিবন্ধন করা হয়। নিবন্ধন করা চিঠিতে অ্যাকনলেজমেন্ট-এর ব্যবস্থা আছে। প্রাপ্তি স্বীকারের মাধ্যমে প্রাপক
চিঠি পেল কি না, সে ব্যাপারে সুনিশ্চিত হওয়া যায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ