ব্য ব সা য় প রি চি তি
জ্ঞান ও অনুধাবন প্রশ্ন nঅংশ-৮
প্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসায় পরিচিতি থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: ডাক যোগাযোগের অন্যতম একটি কাজ ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবীর প্রতিটি দেশেই ডাকব্যবস্থা আছে। বাংলাদেশে ডাকবিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডাক যোগাযোগের একটি অন্যতম কাজ হলো চিঠি, মানি অর্ডার, পার্সেল, প্যাকেট ইত্যাদির আদান-প্রদান করা। কাছের অথবা দূরের একের সঙ্গে অপরের চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠা করা ডাক যোগাযোগের প্রধান উদ্দেশ্য।
অধ্যায়-১২
জ্ঞানমূলক প্রশ্ন:
প্রশ্ন: তথ্যানুসন্ধান পত্র কী?
উত্তর: নিয়োগকর্তা প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও চারিত্রিক গুণাবলি জানতে চেয়ে প্রার্থীর প্রদত্ত পরিচয় সূত্রে অথবা প্রার্থীর পরিচিত কোনো তৃতীয় পক্ষের কাছে যে পত্র লেখে তাকে তথ্যানুসন্ধান পত্র বলে।
প্রশ্ন: ব্যবসায়িক তথ্যানুসন্ধান পত্র কী?
উত্তর: ফরমায়েশদাতার আর্থিক অবস্থা, সুনাম, সততা ইত্যাদি জানতে চেয়ে বিক্রেতা ফরমায়েশদাতার পরিচিত কোনো তৃতীয় পক্ষের কাছে যে পত্র লেখে তাকে ব্যবসায়িক তথ্যানুসন্ধান পত্র বলে।
অধ্যায়-১৩
জ্ঞানমূলক প্রশ্ন:
প্রশ্ন: ফরমায়েশপত্র কী
উত্তর: ক্রেতা নির্দিষ্ট পণ্য প্রেরণের জন্য বিক্রেতা বা সরবরাহকারীর কাছে যে লিখিত নির্দেশ প্রদান করে তাকে ফরমায়েশপত্র বলে।
প্রশ্ন: অর্ডার স্বীকৃতি পত্র কী?
উত্তর: ক্রেতার কাছ থেকে অর্ডার পাওয়ার পর বিক্রেতা উক্ত অর্ডার বা ফরমায়েশের প্রাপ্তি স্বীকার করে যে পত্র লিখে তাকে অর্ডার স্বীকার পত্র বলে।
প্রশ্ন: চালান পত্র কী?
উত্তর: ফরমায়েশদাতা ক্রেতার কাছে পণ্য প্রেরণের পর পরই বিক্রেতা ক্রেতাকে পণ্য প্রেরণের সংবাদ দিয়ে পত্র লিখে থাকে। এ ধরনের পত্রকে চালান পত্র বলে।
প্রশ্ন: অভিযোগপত্র কী?
উত্তর: বিক্রেতার প্রেরিত পণ্য নষ্ট, ত্রুটিপূর্ণ বা নিকৃষ্ট মানের হলে, পণ্য পরিমাণে বা ওজনে কম হলে অথবা প্রেরিত পণ্য অর্ডার বা নমুনা অনুযায়ী না হলে পণ্য প্রাপক বা ক্রেতা পণ্যের ত্রুটি বা বিচ্যুতির কথা উল্লেখ করে এবং প্রয়োজনবোধে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে যে পত্র লিখে তাকে অভিযোগপত্র বলে।
প্রশ্ন: মীমাংসাপত্র কী?
উত্তর: অভিযোগপত্রের উত্তরে অভিযোগ নিষ্পত্তির ব্যাপারে বিক্রেতা ক্রেতার কাছে যে পত্র লেখা হয় তাকে মীমাংসাপত্র বলে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ