ব্যক্তিকে নিখুঁতভাবে চিনবে ফেসবুক

ফেসবুকে কোটি কোটি ছবির মধ্যে থেকে আপনার ছবিগুলোকে খুব সহজেই চিনে নেবে ফেসবুক। সম্প্রতি ছবি শনাক্ত করার জন্য নতুন একটি সফটওয়্যার তৈরি করেছে ফেসবুক। ‘ডিপফেস’ নামের এ সফটওয়্যারটি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের সঙ্গে মিলে তৈরি করেছে ফেসবুক।
গবেষকেরা দাবি করেছেন, ফেসবুকের এই ডিপফেস প্রোগ্রাম ছবি দেখে প্রায় নিখুঁতভাবে নির্দিষ্ট মানুষকে শনাক্ত করতে সক্ষম। ডিপফেসের কল্যাণে ৯৭.২৫ শতাংশ ক্ষেত্রে নিখুঁতভাবে ছবি শনাক্ত করা সম্ভব হবে। ফেসবুকের সফটওয়্যার ও মানুষকে একই প্রক্রিয়ায় পরীক্ষা করে দেখা গেছে মানুষ ৯৭.৫৩ শতাংশ ক্ষেত্রে নিখুঁতভাবে মানুষের মুখ চিনতে পারে। এক্ষেত্রে মানুষের তুলনায় ফেসবুকের সফটওয়্যার সামান্য পিছিয়ে আছে।
গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে ফেসবুকের ফেস রিকগনিশন সফটওয়্যারটি ফেসবুকে আপলোড করা ছবিগুলোর মধ্যে ব্যক্তিকে শনাক্ত করে ট্যাগ করার জন্য বলতে পারে। এক্ষেত্রে সফটওয়্যারটি ছবিতে চোখের দূরত্ব, নাকের মিল ও ফেসবুকের প্রোফাইল ছবির চোখ সঙ্গে মিলিয়ে দেখে। তারপরও অনেক ক্ষেত্রে নিখুঁতভাবে ব্যক্তিকে শনাক্ত করতে পারে না ফেসবুকের ফেস রিকগনিশন সফটওয়্যার। ফেসবুক দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ডিপফেস সফটওয়্যারের কল্যাণে নিখুঁতভাবে ব্যক্তির ছবি শনাক্ত করা যাবে। এতে কোনো ছবি ট্যাগ করার প্রয়োজন পড়বে না।