দেশের নাগরিক হিসেবে ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতের ব্যাপারে জবাবদিহিমূলক আইন প্রয়োজন। তথ্যপ্রযুক্তির এ সময়ে নানাভাবে প্রতিনিয়ত ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হচ্ছে।এ জন্য সাইবার আইনের বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। গত বৃহস্পতিবার ভয়েস ফর ইন্টারেক্টিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) এবং প্রাইভেসি ইন্টারন্যাশনাল আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রাইভেসি রাইটস অ্যান্ড সিটিজেনস কনসার্ন’ শীর্ষক এ গোলটেবিলে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মামুন, সাংবাদিক সেলিম সামাদ, খায়রুজ্জামান, ফারুক ওয়াসিফ, সাংবাদিক ও ব্লগার মাহবুব মোর্শেদসহ অনেকে। গোলটেবিল সঞ্চালনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ।বর্তমান তথ্যপ্রযুক্তি ক্রমাগত অগ্রসরতায় ব্যক্তিস্বাধীনতা কতটুকু থাকছে এবং তা রক্ষার জন্য কী করা যেতে পারে, এসব বিষয় ছাড়াও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিস্বাধীনতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ‘আমাদের দেশে সাধারণ নাগরিকদের ব্যক্তিস্বাধীনতার ব্যাপারটি এতটা উন্নত নয়, তবে এ ব্যাপারটির দিকে নজর দেওয়া উচিত। প্রযুক্তির এগিয়ে চলার ফলে ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি সরকারের নজর দেওয়া উচিত। ব্যক্তিস্বাধীনতার বিষয়টি ব্যক্তির সঙ্গে জড়িত এবং এর অধিকার সবার আছে। সাধারণত ব্যক্তিস্বাধীনতার বিষয়টি দেখার পাশাপাশি ভার্চুয়াল জগতের বিষয়টিও নজরে রাখতে হবে। তবে সাইবার আইনের বিষয়টি দ্রুত কার্যকরের পাশাপাশি সাধারণ নাগরিকদের উপযোগী রাষ্ট্রীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।’ —নুরুন্নবী চৌধুরী