ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় গুগলের পরিকল্পনা
ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে গুগলের চেয়ারম্যান এরিক স্মিত বলেছেন, নিজেদের অনলাইন প্রোফাইলের ওপর ওয়েব ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ জোরদার করতে তারা একটি পরিকল্পনা করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে ওয়েব ব্যবহারকারীদের প্রাইভেসিবিষয়ক একটি সম্মেলনে তিনি এ কথা বলেন।সম্মেলনে স্মিত বলেন, বিষয়টিকে গুগল খুবই গুরত্বের সঙ্গে নিয়েছে। একই সঙ্গে ওয়েব ব্যবহারকারীদের প্রাইভেসি বাড়ানোর জন্য গুগল একাধিক প্রকল্পে কাজ করছে বলেও তিনি জানান। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় একটি উন্নত গুগল ড্যাশবোর্ড ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাঁদের। এই বোর্ডের মাধ্যমে ওয়েব ব্যবহারকারীরা পরস্পরের সঙ্গে যে তথ্য আদান-প্রদান করবে, সেগুলো সহজেই দেখতে পারবে।স্মিত জোর দিয়ে বলেন, ‘প্রাইভেসির প্রশ্নে গুগল সব সময়ই গ্রাহকদের পাশে থাকছে। অর্থাৎ, আমরা গ্রাহকদের তথ্যের গোপনীয়তা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছি। গ্রাহকেরা যদি তথ্য আদান-প্রদানের ব্যাপারে গুগলকে সহায়তা করে, তাহলে প্রতিষ্ঠানটি তার সার্ভিস আরও উন্নত করতে পারবে।’সম্প্রতি মার্কিন সিনেট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে কী পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়, সে বিষয়ে গুগলকে জেরা করে। তবে এরিক স্মিত এমন শর্তের কথা বলেছেন, যার আওতায় তথ্য সংরক্ষণের প্রক্রিয়াটিকে আরও সহজবোধ্য করতে হবে। আর এ কাজটি করতে গুগল প্রস্তুত বলেও তিনি জানান। —বিবিসি অবলম্বনে আবুল হোসেন