ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রয়োজন আইন
তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্য পাওয়া খুব সহজ হয়ে উঠেছে। কিন্তু এই যুগে অনেক সময় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার বিষয়টি রক্ষা করা সম্ভব হচ্ছে না৷ ব্যক্তিগত তথ্যকে পুঁজি করে অনেকে বড় বড় অপরাধ করে চলেছে। এতে মানবাধিকার লিঙ্ঘত হয়। অথচ বাংলাদেশে তথ্য অধিকার ও মানবাধিকার আইনের কোথাও এসব বিষয়ে কোনো কথা বলা নেই। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় প্রয়োজন যথাযথ আইন প্রণয়ন৷ গতকাল রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেনে সাপ্তাহিক এই সময় অফিসে একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন৷
বৈঠকে আলোচনায় অংশ নেন পিরোজপুর-৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী, সাবেক সাংসদ মেজর মো. আখতারুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক এ কে মোহাম্মদ আলী শিকদার, সাবেক তথ্য ও জনপ্রশাসনসচিব মাহবুবুর রহমান, আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন, ব্লগার আরিফ জেবতিক এবং আইনজীবী তানজীম .আল ইসলাম, এই সময়-এর সহকারী সম্পাদক স্বকৃত নোমান, বাংলাভিশনের জ্যেষ্ঠ নিউজ রুম এডিটর মাসুদ কামালসহ অনেকে৷ সাপ্তাহিক এই সময় এবং বেসরকারি সংস্থা ভয়েস যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
বৈঠকে ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিকভাবেও মানবাধিকারকর্মীরা আজ সোচ্চার। ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাওয়ার মতো অপরাধ ঠেকাতে ২০১২ সালের অক্টোবরে বিশ্বের প্রায় অর্ধশত সংগঠন এক হয়ে একটি মূলনীতির খসড়া করেছিল। পরে ২০১৩ সালে সেটি চূড়ান্ত করা হয়। শুধু আইন দিয়ে এই অপকর্ম বন্ধ করা যাবে না। একই সঙ্গে সমাজের মানুষকে নৈতিক মূল্যবোধে সজাগ ও সচেতন হতে হবে। —রাহিতুল ইসলাম