ব্যক্তিগতভাবে গ্রুপ চালানোর সুযোগ দিচ্ছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক নতুনভাবে ব্যবহারকারীদের গ্রুপ পরিচালনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে। ব্যবহারকারীদের হাতে নিয়ন্ত্রণের সুবিধা আরও বাড়ছে। পাশাপাশি এ সুবিধার ফলে ব্যবহারকারীরা নিজেদের তথ্য এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের ব্যাপারটি আরও ভালোভাবে করতে পারবেন বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ছাড়া এ সুবিধার ফলে ফেসবুকের সব তথ্য সংরক্ষণ করা যাবে এবং প্রোগ্রাম ব্যবস্থাপনার ব্যাপারটিও সহজে সম্পন্ন করা সম্ভব। নতুনভাবে গ্রুপে যুক্ত হয়েছে গ্রুপ-বার্তা, মেইলিং লিস্ট এবং ডকুমেন্ট শেয়ার করার বিষয়টি। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানান, এ সেবাটি চালুর মূল লক্ষ্য হচ্ছে, সব ধরনের গ্রুপের সদস্যরা যাতে সহজে তথ্য আদানপ্রদানের সুবিধা পেতে পারেন এবং দ্রুত নিজেদের মধ্যে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। ব্যবহারকারীরা বিভিন্ন গ্রুপে বন্ধুদের মধ্যে ব্যক্তিগত নানা আলোচনাসহ নানা বিষয় যাতে নিশ্চিন্তে ব্যবহারের সুযোগ পান, সে জন্যই এ ধরনের বিভিন্ন সেবা উন্নয়ন চলছে। শিগগিরই ব্যবহারকারীদের জন্য আরও নানা ধরনের সেবাসুবিধা আসছে বলেও জানা গেছে। বিভিন্ন ই-মেইল ব্যবহারকারীদের যেমন বিভিন্ন গ্রুপ রয়েছে, তেমনভাবে ফেসবুকেও গ্রুপ-মেইল সুবিধার ফলে বন্ধুদের মধ্যেও বার্তাবিনিময় সহজ হবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। এসব সুবিধা সহজ করতে শিগগিরই যুক্ত হচ্ছে তৃতীয় পক্ষের তৈরি ডেসবোর্ড-সুবিধা, যার মাধ্যমে তথ্য ব্যবস্থাপনার কাজটি সহজে করতে পারবেন ব্যবহারকারীরা। ফরেস্টার সোশ্যাল কম্পিউটিংয়ের গবেষক অ্যাগুই রয় বলেন, শুরু থেকে এ ধরনের বিভিন্ন ব্যক্তিগত তথ্য গোপনীয়তার বিষয়টি নিয়ে ফেসবুক নানা ধরনের কথা বললেও সেসব সেবা পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি। তবে নতুন এ সেবার ফলে ব্যবহারকারীরা যদি নিজেদের ব্যক্তিগত গোপনীয় বিষয়টি নিয়ন্ত্রণের সুযোগ পায় তাহলে তা সত্যিকার অর্থে কাজে লাগবে এবং সামাজিক যোগাযোগে ব্যবহারকারীরা আগ্রহী হবেন। জুকারবার্গের মতে, ফেসবুক হবে একটি পারসোনাল কম্পিউটারের মতো, যেখানে ব্যবহারকারীরা নিশ্চিন্তে সব ধরনের কাজ করবেন। আর সে বিষয়টি নিয়েই কাজ করে যাচ্ছে ফেসবুক। —এএফপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী