ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ক্লাউডভিত্তিক সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ের কাজ আরও নিখুঁতভাবে করতে দেশের বাজারে ক্লাউডভিত্তিক সফটওয়্যার নিয়ে এল প্যানাসিয়া সিস্টেম লিমিটেড। বাংলাদেশের বাজারে ক্লাউডভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা, মজুত, সিআরএম (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট), ক্রয় এবং হিসবারক্ষণবিষয়ক কয়েকটি সফটওয়্যার উন্মুক্ত করেছে প্যানাসিয়া সিস্টেম লিমিটেড। গতকাল বুধবার ঢাকায় একটি অনুষ্ঠানে এই সফটওয়্যারগুলো আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ভিডিওচিত্রের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘এই উদ্যোগটি ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। ক্লাউডের মাধ্যমে এই সফটওয়্যার সেবাটি আমাদের ব্যবসা ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্যানাসিয়া সিস্টেম লিমিটেডের নির্বাহী প্রধান রেদওয়ানুল আনসারী জানান, সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে তিনটি প্যাকেজে। ব্রোঞ্জ (একজন ব্যবহারকারীর জন্য, মাসিক ফি তিন হাজার ২০০ টাকা), সিলভার (তিনজন ব্যবহারকারীর জন্য, মাসিক ফি পাঁচ হাজার টাকা), গোল্ড (পাঁচজন ব্যবহারকারীর জন্য, মাসিক মূল্য ছয় হাজার ২০০ টাকা)। এসব সফটওয়্যার ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে। —মো. রাফাত জামিল