গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিজিটাল রূপান্তর বিষয়ে ‘পাওয়ার ইয়োর বিজনেস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অভয়া ও সিটিও ফোরাম বাংলাদেশ। অনুষ্ঠান শুরুর আগে সিটিও ফোরাম কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অভয়ার ভারত ও সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক বিশাল আগারওয়াল বলেন, এই সম্মেলনে অভয়ার নতুন স্মার্ট অ্যাপ্লিকেশন উন্নয়ন সম্পর্কে জানানো হবে। যার মাধ্যমে ডিজিটাল বিশ্বে রূপান্তরের পথ সুফল হবে।
সংবাদ সম্মেলনে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, সিটিও ফোরাম শুরু থেকেই বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন প্রযুক্তির ব্যাপারে জ্ঞান বিনিময়ের জন্য অভয়ার সঙ্গে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের সহসভাপতি সৈয়দ মাসুদুল বারী, কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম ও অভয়ার কর্মকর্তারা। আয়োজকেরা বলেন, একটি প্রতিষ্ঠানকে ডিজিটাল এন্টারপ্রাইজে রূপান্তরের জন্য সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে অবহিত করার জন্যই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।