ব্যবসার জন্য সহজ সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজআরপি দেখতে এমন
বিজআরপি দেখতে এমন

কাগজবিহীন অফিসের সুবিধা এখন হাতের নাগালে। তথ্যপ্রযুক্তি এ ব্যবস্থাকে আরও সহজ করে দিয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা থাকায় এখন আর নির্দিষ্টভাবে অফিসের স্থান নিয়ে ভাবতে হয় না। যেকোনো ব্যবসাতেই কিছু ব্যবসায়িক নিয়ম রয়েছে, যেগুলো মেনে চলতে হয়৷ যেমন কর্মচারী ব্যবস্থাপনা, হিসাব, ক্রেতা, ক্রয়–বিক্রয়, মজুদ ব্যবস্থাপনা, পণ্য প্রস্তুতি ব্যবস্থাপনা, বিক্রয়-বিপণন-পরবর্তী ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাপনা ইত্যাদি। আর এ কাজগুলোকে সহজ করতে রয়েছে নানা ধরনের সফটওয়্যার। এ ধরনের ব্যবসাভিত্তিক একটি সফটওয়্যার বিজআরপি। বিজআরপি হচ্ছে একটা দেশি ব্যবসায়িক সফটওয়্যার যা একই সঙ্গে সম্পদ, হিসাবরক্ষণ, গুদামরক্ষণ, কেনাবেচা, ক্রেতা ব্যবস্থাপনাসহ অভ্যন্তরীণ যোগাযোগও সম্পাদন করতে পারে৷ সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ সফটওয়্যার ব্যবহার করতে কোনো হার্ডওয়্যার লাগবে না বললেন সফটওয়্যারটির নির্মাতা করিৎকর্মা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান। তিনি জানালেন, সফওয়্যারটি ব্যবহার করতে শুধু প্রয়োজন ইন্টারনেট। অর্থাৎ পুরো সফটওয়্যারটিই ক্লাউডে রয়েছে।
এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার (ইআরপি) ঘরানার সফটওয়্যার বিজআরপি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, যার ফলে আলাদাভাবে হিসাবরক্ষণ, লোকবল ব্যবস্থাপনা, ক্রেতা ব্যবস্থাপনা ইত্যাদির কোনো সফটওয়্যার লাগবে না। ওয়েবভিত্তিক একটি পদ্ধতির মাধ্যমে চলবে বিজআরপির সব কাজ৷ যেমন এটি চলে ক্লাউডে, তাই হালনাগাদের বিষয়টিও তাৎক্ষণিক পাওয়া সম্ভব। বাংলাদেশের ডেটা সেন্টার থেকে সেবা প্রদান সুবিধা এবং বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত থাকায় অন্য দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলেও সচল থাকবে বিজআরপি জানালেন লুৎফুর রহমান। আর যেহেতু শুধু ইন্টারনেট ব্যবহার করেই সফটওয়্যারটি ব্যবহার করা যায়, তাই এটি সব ধরনের ব্যবসার ক্ষেত্রেই বেশ সহায়ক।
২০১০ সালে এ প্রকল্প নিয়ে কাজ শুরু করে করিৎকর্মা লিমিটেড। যেকোনো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পাঁচ বা এর বেশি হলেই তাঁরা চাইলে বিজআরপি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ইন্টারনেট সংযোগ প্রদানকারী, সফটওয়্যার প্রতিষ্ঠান, ফ্যাশন হাউস, ডিপার্টমেন্ট স্টোর, গাড়ি বিক্রেতা, ই-কমার্স, সংবাদপত্র, বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশনা সংস্থা এবং খুচরা বিক্রেতা, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, পরিবেশক প্রতিষ্ঠান, ব্যাংক সহজেই এ সফটওয়্যারটি ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় কাজগুলোকে সহজ করে নিতে পারেন। এ সফটওয়্যার ব্যবহারে খরচও কম। প্রতি ব্যবহারকারীর জন্য মাসে ৫০০ টাকা করে দিতে হবে৷ প্রশিক্ষণ কিংবা প্রতিষ্ঠান ভেদে এটি ভিন্ন হতে পারে। করিৎকর্মার ক্লাউডের বাইরে নিজস্ব ডেটা সেন্টার থেকেও কেউ যদি বিজআরপি ব্যবহার করতে চান, সেই ব্যবস্থাও রয়েছে বলে জানান লুৎফুর রহমান। দেশের তৈরি এ সফওটয়্যার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ২০১৬ সালের মধ্যে কমপক্ষে ৫০টি দেশে কার্যক্রম শুরু করার ইচ্ছা রয়েছে। বিজআরপির বিস্তারিত: www.karitkarma.com।