ব্যবসাশুরুর টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিরুল ইসলাম
সাবিরুল ইসলাম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম নিয়মিত লিখবেন প্রথম আলোয়। ‘স্বপ্ন নিয়ে’তে প্রকাশিত হচ্ছে তাঁর কলাম

আমি এখন বেলজিয়ামের ব্রাসেলসে। এখানে থেকেও আমার বিশ্বাস, অনুভূতি ও ভাবনার কথা তোমাদের সঙ্গে বলতে বেশ চমৎকার লাগছে। ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ নিয়ে গত দুই বছরের মধ্যে পঞ্চমবারের মতো বেলজিয়ামে আসা। এর আগে অবশ্য দক্ষিণ আফ্রিকাতেও এ আয়োজন হয়েছে চারবার। বেলজিয়ামে এবারের ইন্সপায়ার ওয়ান মিলিয়ন আয়োজনটি যৌথভাবে পরিচালিত হচ্ছে ইউরোপিয়ান কমিশন চায়নার সঙ্গে। এর উদ্দেশ্য হলো ইউরোপিয়ান ইউনিয়ন ও চায়নার তরুণদের মধ্যে উদ্যোগ ও উদ্যোক্তা-সম্পর্কিত চর্চা বা অনুশীলনের ক্ষেত্রে শূন্যস্থানটুকু পূরণ করা। কাজেই, এ ধরনের একটা আয়োজনের সঙ্গে যুক্ত হতে পারাটা সত্যিই দারুণ সম্মানের ব্যাপার।

এখন আসা যাক ব্যবসার প্রসঙ্গে। যেকোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আজকে আমি বলব এবং আশা করছি তোমাদের কাজে আসবে।

ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বেশির ভাগ মানুষই সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্তটা নিতে পারে না। তাই শুরুতেই নিজেকে কিছু প্রশ্ন করতে হবে: ১. ব্যবসায়ের যে চিন্তাটা তোমার মধ্যে আছে, সেটা কি লাভজনক?

২. এই ব্যবসায়ের জন্য কি বাজার রয়েছে?

৩. আরেকটা জরুরি প্রশ্ন হচ্ছে, সম্পদ বা পুঁজির দিক থেকে তুমি কতটা শক্তিশালী অবস্থানে আছ?

এই তিনটা সহজ প্রশ্নের উত্তরই ব্যবসার জগতে তোমার অবস্থানকে নিশ্চিত করবে। কিন্তু আমরা মনে করি যে আমরা সবই জানি, আর এটাই একটা অতি সাধারণ ভুল, যেটা আমরা প্রায় সবাই করে থাকি। আমরা মনে করি, আমাদের বুদ্ধিটাই সবচেয়ে সেরা এবং কারও মাথায় এই বুদ্ধিটা আসবে না। কিন্তু এটা পুরোই ভুল ধারণা।

শুরুতে গবেষণা করাটা খুব জরুরি। ব্যবসায়ের যেকোনো ক্ষেত্রে কেউ যদি সফল হতে চায়, তবে তাকে অবশ্যই সে বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে, কয়েকটা মাস এর পিছে সময় দিতে হবে। তাই তোমাকে ধৈর্য ধরতে জানতে হবে।

যখন তোমার গবেষণার ধাপটা পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন তুমি বলতে পারবে যে তোমার এই ব্যবসায়িক চিন্তার মার্কেট আছে কি না এবং তোমার এই চিন্তাটা লাভজনক কি না।

তৃতীয় প্রশ্নটা হলো সম্পদ বা পুঁজির। এ ব্যাপারে কিছুটা ভুল ধারণা আছে। প্রায় প্রত্যেকেই মনে করে যে পুঁজিটা হলো কেবল অর্থ-সম্পদ। টাকাপয়সা কম বা বেশি যেমনই থাকুক না কেন, এর চেয়েও প্রয়োজনীয় বিষয় হচ্ছে তোমার জনশক্তি কেমন আছে এবং এমন কোনো মানুষ আছে কি না, যে তোমাকে এবং তোমার চিন্তাটাকে সফলতার সঙ্গে বাস্তবায়িত করতে ভূমিকা রাখতে পারে।

তোমরা যারা ব্যবসা শুরু করতে চাও, তোমাদের পাশে যে ধরনের কিছু মানুষ থাকা দরকার, তারা হলেন: ১. একজন উপদেষ্টা, যিনি তোমার ব্যবসায়ের ব্যাপারে উপযুক্ত ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

২. ছোটখাটো একটা টিম বা দল, যাদের মার্কেট ও ব্যবসা সম্পর্কে কিছুটা ধারণা আছে। ফলে তুমি তোমার নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারবে এবং তোমার চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলা সহজ হবে। এই দল তোমার পরিবার, বন্ধু বা পরিচিত মানুষদের নিয়ে গড়ে উঠতে পারে। এ ক্ষেত্রে তারা প্রত্যেকে কত আয় করবে, এর চেয়ে প্রাধান্য দিতে হবে সুসম্পর্ক গড়ে তোলার ব্যাপারটিতে। কারণ, এ সম্পর্ক দীর্ঘস্থায়ী।

৩. ব্যবসায়ের বিভিন্ন দিকের সঙ্গে যে মানুষগুলো জড়িত আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাহলেই তুমি একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে পারবে। এই যোগাযোগটাই ভবিষ্যতে তোমার ব্যবসাকে উন্নত করতে সাহায্য করবে।

সব সময় মনে রাখবে, ব্যবসা কখনো একজনের কম্ম নয়, এখানে অনেক ধরনের মানুষের সংশ্লিষ্টতা থাকে। কাজ করতে গিয়ে ভুল হতেই পারে এবং ব্যর্থতা আসতেই পারে। কিন্তু এ সবকিছুই তোমার শেখার ও অভিজ্ঞতার একেকটা ধাপ। একদিন যখন তুমি সফল হবে, তখন এই অভিজ্ঞতাগুলোই দারুণ একটা গল্প হয়ে অন্যদের উৎসাহ জোগাবে।

শেষ করার আগে বলে নিচ্ছি, আমি আমার প্রিয় বাংলাদেশে ফিরছি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। ৯০ দিনের কম সময় বাকি আছে। আর এই ফেব্রুয়ারিতেই আমাদের ইন্সপায়ার ওয়ান মিলিয়নের সর্বশেষ আয়োজনটি হবে। তোমাদের সবাইকে স্মরণীয় এই দিনটির অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ইংরেজি থেকে অনূদিত