ব্যবসায়িক কৌশল খাটাল অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ অবধি অ্যাপল বহু প্রতীক্ষিত আইফোন-৫ বাজারে নিয়ে এল না। অনেক নাটক, গোপনীয়তা, জল্পনা-কল্পনার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী টিম কুক অবমুক্ত করলেন আইফোন-৪-এর উন্নত সংস্করণ আইফোন-৪ এস। যারা অধীর আগ্রহে আইফোন-৫-এর জন্য অপেক্ষা করছিলেন তাঁদের জন্য টিম কুক নিয়ে এলেন বিরাট এক বিস্ময়।আগ্রহীরা একটু হতাশ হলেও আইফোন-৪ এস আসলে নতুন একটি সংস্করণই। এমনটাই জানিয়েছেন অ্যাপলের কর্তা-ব্যক্তিরা। আইফোন-৪ এস দেখতে অনেকটা আইফোন-৪ এর মতোই। তবে এতে যুক্ত হয়েছে নতুন নতুন কিছু ফিচার। যা একে দেবে আইফোন-৪ এর চেয়ে ভিন্নমাত্রা। ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইটের স্টোরেজ ক্ষমতার তিনটি ভিন্নমাত্রার উপ-সংস্করণও থাকছে আইফোন-৪ এস এ। দামেও নতুনত্ব থাকছে এতে। ১৯৯, ২৯৯ ও ৩৯৯ ডলার দাম ধরা হয়েছে এই তিনটি উপ-সংস্করণের। এই নতুন আইফোন চলবে অ্যাপলের উন্নত অপারেটিং সিস্টেম আইওএস৫ দিয়ে। এদিকে, আইফোন-৫ বাজারে না আসায় অ্যাপল ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে দারুণ হতাশা। অনেকেই আইফোন-৫ কিনবেন বলে অপেক্ষায় ছিলেন। কিন্তু আইফোন-৪ এর পর আইফোন-৫ না এনে আইফোন-৪ এরই একটি উন্নত সংস্করণ বাজারে আনাকে অনেক প্রযুক্তি বিশ্লেষক অ্যাপলের ব্যবসায়িক কৌশল হিসেবে দেখছেন। বিশেষ করে ১৯৯ ও ২৯৯ ডলারে যথাক্রমে ১৬ ও ৩২ গিগাবাইটের দুটি উপ-সংস্করণ বাজারে আনা বিশ্লেষকদের বক্তব্যকেই সমর্থন জানাচ্ছে। আইফোন-৫ বাজারে অবমুক্ত রা করায় যে হতাশার সৃষ্টি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে অ্যাপলের প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেছেন, ‘আইফোন-৪ এস আসলে একটি নতুন সংস্করণই। একে দয়া করে আইফোন-৪ এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। দেখতে এক মনে হলেও আসলে এটি নতুন একটি সংস্করণ।’আইফোন-৫ নিয়ে অ্যাপল যে গোপনীয়তা ও ধূম্রজাল তৈরি করেছে, তার সমালোচনাও রয়েছে। আইফোন-৫ বাজারে আসছে ৪ অক্টোবর এমন একটি গুজব কিন্তু বাজারে বেশ ভালোভাবেই রটে গিয়েছিল। কিন্তু এ ব্যাপারে অ্যাপলের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় পুরো ব্যাপারটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। এই সময়ে বাজারের অন্যান্য স্মার্টফোনের বিক্রিও কমে যায় আশঙ্কাজনকহারে। বাজার চলে যায় পুরোপুরি অ্যাপলের নিয়ন্ত্রণে। কিন্তু অ্যাপল আইফোন-৫ না নিয়ে আসায় এই অপেক্ষা আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। পুরো ব্যাপারটিই স্মার্টফোনের বাজারের তীব্র প্রতিদ্বন্দ্বিতা সামলাতে অ্যাপলের একটি ব্যবসায়িক কূটকৌশল বলেই ধরে নিচ্ছেন সমালোচকেরা। ওয়েবসাইট।