দিন বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনধারা। আর জীবনধারা বদলের সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও এসেছে নানা পরিবর্তন। আধুনিক তথ্যপ্রযুক্তির কল্যাণে পুরো বিশ্বের ব্যবসা-বাণিজ্যের ধরন ও চেহারা বদলে গেছে। অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা করে এগিয়ে যেতে হলে ও দেশের রপ্তানি আয় বাড়াতে হলে সব ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানকে আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে ‘প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক খাত ও ডিজিটাল এফবিসিসিআই’ শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) ডিজিটালকরণের বিষয়ে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সভায় আলোচনা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক পরিচালক সাফকাত হায়দার, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি আক্কাস মাহমুদসহ অনেকে। এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘সব ধরনের প্রতিষ্ঠান এখন তথ্যপ্রযুক্তিতে জোর দিচ্ছে। এফবিসিসিআইকেও এ ধরনের তথ্যপ্রযুক্তির বলয়ে আনলে ব্যবসায়ীসহ সাধারণ জনগণ উপকৃত হবে। আর এ কাজে বেসিস এফবিসিসিআইকে সব ধরনের সহযোগিতা করতে চায়।’ —জিয়াউর রহমান চৌধুরী