ব্যবসায়িক প্রতিষ্ঠানের দুর্বলতা ‘পাসওয়ার্ড ১’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি তথ্য নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ট্রাস্টওয়েভ ‘আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিবেদন ২০১২’ প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ব্যবসায়ীদের দুর্বল পাসওয়ার্ড-সম্পর্কিত এক তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতেই সবচেয়ে দুর্বল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা হয়, যে কারণে বর্তমানে হ্যাকিং ঝুঁকিতে রয়েছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো। যে পাসওয়ার্ডটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, সেটি ইংরেজিতে লেখা ‘পাসওয়ার্ড ১’। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগ এক খবরে এই তথ্য দিয়েছে।‘পাসওয়ার্ড ১’ ব্যবহার করার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট অ্যাকটিভ ডাইরেক্টরি জটিল করার যে প্রয়োজনীয়তা দেখায়, এই পাসওয়ার্ড দিলে তা সহজেই মিটে যায়। পিসিম্যাগ জানিয়েছে, এই পাসওয়ার্ড একটি ‘ক্ল্যাসিক’ পাসওয়ার্ড; যা লিখতে গেলে একটি ক্যাপিটাল লেটার বা অক্ষর, একটি সংখ্যা ও কঠিন পাসওয়ার্ড হিসেবে বিবেচিত হতে ন্যূনতম যে কয়েকটি অক্ষরের প্রয়োজন পড়ে, সব শর্তই পূরণ করে এটি।উল্লেখ্য, ২০১১ সালের সবচেয়ে দুর্বলতম পাসওয়ার্ড ছিল ইংরেজিতে লেখা ‘পাসওয়ার্ড’ শব্দটি। ট্রাস্টওয়েভের পক্ষ থেকে পাসওয়ার্ড বিষয়ে সচেতন হতে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে জানিয়েছেন, হ্যাকিং থেকে বাঁচতে পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। জটিল পাসওয়ার্ড দিলে তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে না। অক্ষর ও বিভিন্ন প্রতীকের সমন্বয়ে পাসওয়ার্ড জটিল করা সম্ভব। জটিল পাসওয়ার্ডের ব্যবহার ও ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।