ব্যবসায়িক প্রসারে অনলাইন হবে প্রধান মাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যরা। ছবি: সংগৃহীত।
‘ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যরা। ছবি: সংগৃহীত।

ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়া প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে। এক সেমিনারে বক্তারা এ তথ্য জানান। ১৩ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ‘ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ বিজনেস জার্নালিস্ট সোসাইটির (বিবিজেএস) ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।

শাহরিয়ার আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনলাইন মিডিয়া। তবে অনলাইন সাংবাদিকতার নামে দায়িত্বহীন আচরণ এবং নামে বেনামে গজিয়ে ওঠা অনলাইনগুলো অনলাইন সাংবাদিকতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিষয়টি যাতে ভয়াবহ রূপ না নেয় সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। অনলাইন মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ ব্যাপক উন্নয়ন সম্ভব।

শামীম আহসান বলেন, স্মার্ট ডিভাইস ও ইন্টারনেটের প্রসারের ফলে মুদ্রিত পত্রিকার জায়গা দখল করে নিচ্ছে অনলাইন মিডিয়াগুলো। বিশ্বের নামীদামি ব্র্যান্ড ও কোম্পানিগুলো তাদের মার্কেটিংয়ের প্রায় ৪০ শতাংশই ব্যয় করছে অনলাইন মার্কেটিংয়ে। বাংলাদেশেও বহুজাতিক কোম্পানিগুলো এ ক্ষেত্রে ৩০-৩৫ শতাংশ ব্যয় করছে। শিগগিরই অনলাইন মিডিয়ার প্রসারে ছাপা পত্রিকা, গতানুগতিক বিলবোর্ডসহ পুরাতন সব প্রচারমাধ্যমকে পেছনে ফেলবে এই অনলাইন। ব্যবসায়িক প্রচার ও প্রসারে অনলাইন মিডিয়া হবে প্রধান মাধ্যম।

সেমিনারে ই-কমার্সে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছে এখনই ডটকম, সিটিও ফোরাম, এরিকসন বাংলাদেশ, সিএসএল সফটওয়্যার, ন্যাশনাল হাউজিং, ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসহ মোট ২৫টি কোম্পানি।