ব্যবসায়ীদের দেশের তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান

দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে তথ্যপ্রযুক্তিতে উন্নতি ধরে রাখতে হবে। এ জন্য ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক সিইও আউটরিচ’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প আয়োজন করে এ অনুষ্ঠানের।
প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ করছি। ইন্টারনেট অব থিংস (আইওটি), অ্যানালাইটিকস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ক্লাউড, মোবাইল প্রযুক্তি, রোবোটিকস, নলেজ প্রসেস আউটসোর্সিং (কেপিও) ইত্যাদি খাতে দক্ষ জনবল তৈরি হচ্ছে। এ ছাড়া দেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।’
তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, দেশের বিকাশমান আইটি খাতের জন্য বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য এলআইসিটি প্রকল্প থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বিসিজিকে নিয়োগ দেওয়া হয়েছে। সিইও আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাত আরও বিকশিত হবে।
বিসিজি আগামী দুই বছর দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও এর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে (সিইও) বিদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও সিইওদের যোগাযোগ, সম্পর্ক ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি খাত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।