ব্যবহারকারিদের তথ্য নিয়ে ফেসবুকের নতুন প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক কর্তৃপক্ষ গত বুধবার থেকে বেশ কয়েকটি ওয়েবভিত্তিক প্রোগ্রাম তৈরির কাজ শুরু করেছে। ফেসবুকের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য থাকবে এসব প্রোগ্রামে। ফেসবুকের মুখপাত্র ব্রেট টেলর জানান, কোনো গ্রাহকের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আগে অবশ্যই ওই গ্রাহকের অনুমতি নেওয়া হবে। ‘ফেসবুকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে রক্ষিত হচ্ছে না’—সমালোচকদের এমন অভিযোগ পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) রক্ষার ব্যাপারে নানা উদ্যোগ নেয়। এসব ওয়েবসাইট তৈরি সেই উদ্যোগেরই অংশ। টেলর তাঁর ব্লগে লিখেছেন, ফেসবুক ছাড়াও অন্য সাইটে যাতে গ্রাহকেরা সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারেন, সে জন্য এসব প্রোগ্রাম তৈরি করা হচ্ছে। ফেসবুকের অ্যাকাউন্ট থেকেই এসব প্রোগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। টেলর বলেন, ‘আমার ধারণা, আমাদের এ উদ্যোগ প্রশংসিত হবে এবং ব্যাপক জনপ্রিয়তা পাবে।’ সার্চ ইঞ্জিন গুগলের তথ্য অনুযায়ী, ফেসবুক ডটকমে প্রতি মাসে গড়ে ৫৪ কোটি মানুষ প্রবেশ করে। এ সংখ্যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার ৩৫ শতাংশের চেয়ে কিছু বেশি। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান