ব্যবহারকারীদের জন্য এভারনোটের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অনলাইনের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান এভারনোট তার সব গ্রাহকদের ই-মেইল ঠিকানার পাসওয়ার্ড বদলে ফেলার অনুরোধ জানিয়েছে। হ্যাকাররা এভারনোটের সার্ভারে হামলা চালানোর পর প্রতিষ্ঠানটি এই অনুরোধ জানাল। সম্প্রতি এভারনোটের সার্ভারে হ্যাকাররা হামলা চালায়। ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি জনগণের কম্পিউটারে রক্ষিত যাবতীয় তথ্য বাইরের একটি সার্ভারে সংরক্ষণ করে। প্রায় পাঁচ কোটি মানুষ এভারনোটের সার্ভারে তথ্য সংরক্ষণ করে। এভারনোট জানায়, হ্যাকাররা এখন তার গ্রাহকদের ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে। এতে গ্রাহকদের গোপনীয়তা বলে কিছু থাকছে না। তবে এভারনোট জানিয়েছে, এখন পর্যন্ত কোনো গ্রাহকের তথ্য চুরি হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। এভারনোট তার গ্রাহকদের অনলাইন পারসোনাল অর্গানাইজার হিসেবে কাজ করে। গ্রাহকেরা তাঁদের তথ্য, ভিডিও ক্লিপস, ছবি, ওয়েব পেজ এভারনোটের ক্লাউড নামে পরিচিত সার্ভারে সংরক্ষণ করেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এভারনোট জানায়, তাদের নিরাপত্তা দল কয়েক দিন আগে আবিষ্কার করে যে হ্যাকাররা বেশ সুসংহতভাবে তাদের সার্ভারে হামলা চালিয়েছে। তারা আর তাদের দেওয়া পাসওয়ার্ড দিয়ে ই-মেইলে প্রবেশ করতে পারছে না। তখনই গ্রাহকদের ই-মেইল ঠিকানার পাসওয়ার্ড পরিবর্তন করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে তাঁদের তথ্য সুরক্ষিত থাকে। এভারনোট তার গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে। কাজের সুবিধার জন্য এভারনোট অ্যাপস ব্যবহার করেন অনেক ব্যবহারকারী। অনেকে গুরুত্বপূর্ণ তথ্যও রাখেন এতে। তাই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান