ব্যবহারকারীর রাজনৈতিক মতাদর্শ দুটি প্রতিষ্ঠানকে জানাবে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক তার ব্যবহারকারীদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা মতাদর্শ-সংক্রান্ত পোস্ট বা স্ট্যাটাস এবিসি নিউজ ও অনলাইন খবরভিত্তিক মিডিয়া কোম্পানি বাজফিডের সঙ্গে ভাগাভাগি করবে। এসব পোস্ট এই দুটি সংবাদমাধ্যমকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের খবর তৈরি ও প্রকাশে সাহায্য করবে। ফেসবুক অবশ্য এ ক্ষেত্রে তার প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পোস্টগুলোই বাছাই করবে। এ ব্যাপারে এবিসি নিউজ ও বাজফিডের সঙ্গে ফেসবুক একটি চুক্তি করেছে।
ফেসবুকের একজন মুখপাত্র জানান, শুধু উন্মুক্ত বা পাবলিক করে দেওয়া স্ট্যাটাসগুলোই ফেসবুক বাছাই করবে। ইনবক্স বা ফেসবুক চ্যাটে একে অপরকে পাঠানো বার্তা থেকে কোনো তথ্য তারা নেবে না। শুধু তা-ই নয়, এবিসি নিউজ বা বাজফিডের কাছে পোস্টগুলো হস্তান্তরের সময় যাদের পোস্ট তাদের নাম গোপন রাখা হবে।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ মার্কিন নাগরিক ফেসবুকে রাজনৈতিক খবর পড়েন।
এদিকে সম্প্রতি চার হাজার মার্কিন নাগরিকের ওপর চালানো এক জরিপের ফলাফলে দেখা গেছে, ৮২ দশমিক ৯ শতাংশ নাগরিক তাদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে ফেসবুককে বিশ্বাস করে না।
—হাফিংটন পোস্ট অবলম্বনে রোকেয়া রহমান