ব্যাংকক সফটওয়্যার মেলায় কম্পিউটার সমিতি
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি সংশ্লিষ্ট প্রদর্শনী ‘ব্যাংকক সফটওয়্যার সামিট ২০১০’-এ অংশ নিচ্ছে। ব্যাংককের রানি সিরিকিত প্রদর্শনী কেন্দ্রে এ প্রদর্শনী শেষ হচ্ছে আজ। প্রতিনিধিদলে রয়েছেন এসোসিওর ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ এইচ কাফি, মহাসচিব মজিবুর রহমান, আইটি ভিলেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী আমিনুল হক, ডেটাবেজ ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী রাশেদ কামাল, ইউজিআই ট্রেড কোম্পানির স্বত্বাধিকারী মো. জাকির খান, বারী কম্পিউটার সিস্টেমসের প্রধান নির্বাহী এম এস ওয়ালীওল্লাহ ও আনন্দ কম্পিউটার্সের নির্বাহী বিজয় জব্বার। কম্পিউটার পার্ক থাইল্যান্ড এবং দি অ্যাসোসিয়েশন অব থাই আইসিটি ইন্ডাস্ট্রির (এটিসিআই) আয়োজিত এ মেলায় মূল প্রদর্শনীসহ বিভিন্ন সেমিনার, গ্রুপ-ভিত্তিক, বিজনেস-টু-বিজনেস, ওয়ান-টু-ওয়ান আলোচনায় তাঁরা অংশ নেন। —বিজ্ঞপ্তি