ব্যাংকিং তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বিষয়ে সেমিনার
বর্তমান সময়ে তথ্য যেকোনো ব্যবসার মূল চালিকাশক্তি এবং এই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও পরিচালনার কাজে তথ্যপ্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। তথ্যের গোপনীয়তা, সংরক্ষণ ও নিরাপদ তথ্য সরবরাহ ও প্রদান বেশ গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতের তথ্যপ্রযুক্তির নিরাপত্তার জন্য গ্রাহক-সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশ, আইবিএম ও থাকরাল ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকায় ‘বর্তমান গ্লোবাল ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির নিরাপত্তা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘ব্যাংকের নিরাপত্তার ক্ষেত্রে এখন প্রযুক্তির সহায়তা বেশ জরুরি। দেশের উন্নয়নে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমেই কেবল দেশকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রে ব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে অধিক মনযোগী হতে হবে।’ সেমিনারে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতউল্লাহ্ আল-মামুন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মো. নূরুল আমিনসহ ব্যাংকার্স সিটিও ফোরামের সদস্যরা। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যাংকার্স সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার। মূল প্রবন্ধ পড়েন আইবিএম সিকিউরিটি সল্যুশনস বিজনেস ইউনিটের প্রধান বৈদ্যনাথান লায়ার। বক্তারা বলেন, ব্যাংকের তথ্যপ্রযুক্তির নিরাপত্তা গ্রাহক দ্বারা ব্যবহূত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ও ব্যাংকের নিজস্ব কম্পিউটার প্রযুক্তির ওপর নির্ভরশীল। যেহেতু ব্যাংক গ্রাহকদের সঙ্গে অর্থনৈতিক আদান-প্রদান ও ব্যবস্থাপনায় জড়িত তাই এর তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও এর ওপর গ্রাহকের আস্থা অত্যন্ত গুরত্বপূর্ণ বিষয়। —নুরুন্নবী চৌধুরী