এখন বিভিন্ন ব্যাংক প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে। প্রত্যেক ব্যাংককে সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে গ্রাহকের সেবা নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলোতে যাঁরা এই সেবার সঙ্গে জড়িত থাকছেন তাঁদের দক্ষতা বাড়াতে ব্যবহূত বিভিন্ন সফটওয়্যার নিয়ে গবেষণা বৃদ্ধি করতে হবে। এর জন্য প্রয়োজনে ব্যাংকগুলোকে একটি তহবিল গঠন করতে পারে। গত শনিবার ঢাকার ব্র্যাক সেন্টার মিলনায়তনে ব্যাংকার্স চিফ টেকনোলজি অফিসার্স ফোরাম অব বাংলাদেশ (বিসিটিওএফ) ও ক্যাসপারস্কি ল্যাবের যৌথ আয়োজনে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কথা বলেন। ব্যাংকগুলোর একে অপরের সঙ্গে প্রযুক্তিগত তথ্য, অভিজ্ঞতা, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মুক্ত আলোচনার জন্য একটি আলাদা ওয়েবসাইট তৈরির কথাও বলেন তিনি। সেমিনারে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আমাদের দেশে যেভাবে মোবাইল ব্যাংক সেবা এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এ দেশের প্রতিটি মানুষকে প্রযুক্তির আওতায় আনতে ব্যাংকগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সবাইকে সচেতন করতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, ক্যাসপারস্কি ল্যাবের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিক্রয় পরিচালক গান সুক লিং, বিসিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার ও বাংলাদেশ ও ভুটানের ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাসের প্রধান নির্বাহী প্রবীর সরকার। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন