ব্যাকআপ ফাইল বেশি রাখেন পুরুষরাই
কম্পিউটার বা স্মার্টফোন নষ্ট হলে বা কোনো কারণে ক্ষতির মুখে পড়লে গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হতে পারে। তাই তথ্যের ব্যাকআপ ফাইল রাখার প্রয়োজন পড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ২ হাজার ২০৫ জনের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, নারীর চেয়ে পুরুষেরাই বেশি ব্যাকআপ ফাইল রাখেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। সিগেট ও হ্যারিস ইন্টারঅ্যাকটিভ নামের প্রতিষ্ঠান দুটির করা এ জরিপে দেখা গেছে, ৯০ শতাংশই তাঁদের ডিজিটাল তথ্যগুলোকে মূল্যবান মনে করেন। ডিজিটাল তথ্যের কোনো ব্যাকআপ রাখেন না শতকরা ৩০ শতাংশ নারী আর ১৯ শতাংশ পুরুষ। জরিপে অংশগ্রহণকারীদের রায়ে দেখা গেছে, মাত্র ১০ শতাংশ ব্যবহারকারী প্রতিদিন তথ্যের ব্যাকআপ রাখার তথ্য দিয়েছেন।জরিপে দেখা গেছে, মাত্র ৮ শতাংশ অংশগ্রহণকারী ড্রপবক্সের মত ক্লাউড ব্যাকআপ সার্ভিস ব্যবহার করেন। তথ্য ব্যাকআপ রাখার জন্য অধিকাংশ ক্ষেত্রে এক্সটার্নাল হার্ডড্রাইভ ও ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করেন তাঁরা।