ব্যাটম্যানের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খলনায়কের সত্যিকারের চাহিদা কী? টাকা, পয়সা নাকি ক্ষমতা? কিন্তু জোকার চায় নৈরাজ্য আর উম্মাদনা। ব্যাটম্যান: দ্য ডার্ক নাইট সিনেমার জোকারের কথা বলছি। জোকার মনে করত গোথাম শহরে একজন ভয়ংকর খলনায়ক দরকার। নিজেই হবে তা। সুপারহিরো সিনেমা হিসেবে ব্যাটমান যেমন আলোড়ন সৃষ্টি করা এক নাম, তেমনি গেমের জগতেও সবচেয়ে সফল সুপারহিরো সিরিজের গেমও এটি। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ব্যাটম্যান সিরিজের চতুর্থ গেম ব্যাটম্যান: আর্খাম নাইট একই সঙ্গে উইন্ডোজ, প্লেস্টেশন-৪ এবং এক্সবক্স ওয়ানে মুক্তি পাচ্ছে ২৩ জুন।
আর্খাম নাইটের কাহিনি শুরু হবে জোকারের মৃত্যুর এক বছর পর গোথাম সিটিতে। জোকার নেই তো কী হয়েছে! ব্যাটম্যানের পুরোনো শত্রু স্কেয়ারক্রো গোথাম সিটিতে বিষাক্ত এক বোমা বসানোর ভয় দেখিয়ে ভয়ংকর শত্রুদের দ্বারা শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের বিভ্রান্তি ছড়াবে।
তারপর পরিত্যক্ত গোথাম সিটি দখল করে কমিশনার গর্ডন এবং তার সঙ্গের প্রতিরক্ষা পুলিশকে বাধা দিয়ে সবাই মিলে ব্যাটম্যানকে পরাজিত করে। সবাই বলতে পেঙ্গুইন, হার্ভি ডেন্ট (টু ফেস), হার্লি কুইন এবং রিডলার নাইট অব আর্খাম নামে ব্যাটম্যানের নতুন শত্রু হিসেবে যোগ দেবে। ভয় নেই! ব্যাটম্যানকে সাহায্য করতে আছে রবিন, নাইট উইং আর ক্যাট ওমেন। ছোটখাটো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে গেমে।

থাকছে ব্যাটম্যানের গাড়িতেও পরিবর্তন। কমিক বুক বা মুভিতে ব্যবহৃত ব্যাটমোবাইল ব্যবহার করে নিমেষেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে। গাছপালা গুঁড়িয়ে দেওয়া থেকে রকেট ফায়ার করেও প্রতিপক্ষকে হতবুদ্ধি করা এবং তৎক্ষণাৎ শূন্যে উড়ে যাওয়ার কাজগুলো অনায়াসে করা যাবে।

সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে গেমের মানচিত্রে। এখানে আর্খাম সিটি থেকে বের হয়ে সমগ্র গোথাম সিটিতেই অভিযান পরিচালনা করবে ব্যাটম্যান। ফলে মানচিত্র হবে আগের গেমগুলোর চেয়ে অনেক বড়। আনরিয়েল ইঞ্জিন-৩ দিয়ে বানানো গেমটির প্রতিটি চরিত্রের মডেল এবং ব্যাটম্যানের কস্টিউমেও আছে নতুনত্ব। আর গ্রাফিকসও আগের পর্বগুলোর চেয়েও তুলনামূলকভাবে উন্নত করা হয়েছে।

যা প্রয়োজন

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭ এবং ৮.১ (৬৪ বিট)

প্রসেসর: ইন্টেল কোর আই৫-৭৫০, ২.৬৭ গিগাহার্টজ অথবা এএমডি ফেনম ২ এক্স৪ ৯৬৫, ৩.৪ গিগাহার্টজ

র‍্যাম: ৬ গিগাবাইট।

গ্রাফিকস: এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৬৬০ (মেমোরি: ২ গিগাবাইট)।

ডাইরেক্ট এক্স: ১১।

হার্ডডিস্ক ড্রাইভ: ৪৫ গিগাবাইট ফাঁকা।