খবর: মাত্র ছয় বছর একীভূত থাকার স্মৃতি পেছনে রেখে আলাদা হয়ে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার ও ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে শুরু হওয়ার পর টানা ৫৪ বছর ব্যালন ডি’অর পুরস্কারটি ছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের একক সম্পত্তি। আর ১৯৯১ সাল থেকে ফিফা আলাদাভাবে দিয়ে আসছিল ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার। কিন্তু ২০১০ সালে ফিফার সঙ্গে ফ্রান্স ফুটবলের চুক্তির পর দুটি পুরস্কার এক হয়ে যায়। কিন্তু এখন থেকে আলাদাভাবেই শুধু ব্যালন ডি’অর দেওয়া হবে ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে। ফিফাও এখন চাইলে আবার আগের মতো ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার চালু করতে পারে। (সূত্র: প্রথম আলো, ১৭ সেপ্টেম্বর ২০১৬)
ফিফা ও ব্যালন ডি’অরের এই ব্রেকআপের পর প্রতিবছর পাই-পাই করে পান না, এমন ফুটবলারদের অনুভূতি শোনা যাক।
বিস্তারিত জানাচ্ছেন মাসউদ ফোরকান

আন্দ্রেস ইনিয়েস্তা
জেল দিতে দিতে টাক পড়ল, কিন্তু একটা ব্যালন ডি’অর পাইলাম না। নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে ভোটাভুটি হলে আমিও পাইতাম ওই পুরস্কার।

নেইমার
অতি সুসংবাদ! তালি হবে, তালি! এত দিন আমরা পুরস্কার না পেয়ে জ্বলতাম, এখন ওরা পেয়ে জ্বলবে। মেসি বা রোনালদো যে-ই পাক, ওই পুরস্কার পেলে মুখ কালো করে রাখবে।

ম্যানুয়েল নয়্যার
অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়। ভাবছিলাম, এইবার জোর চেষ্টা চালামু, যেমনেই হোক একটা পুরস্কার ঘরে তুলমু। ঘোড়ার ডিমের পুরস্কারটাই বন্ধ হইয়া গেল!

আরিয়েন রোবেন
এত দিন বউ বলত, ‘কী করো, একবারও ব্যালন ডি’অর পাইলা না!’ সেদিন খবর দেখে সে বলল, ‘থাক, কম দামি জিনিস আর ঘরে আনতে হবে না।’

গ্যারেথ বেল
ফিফা আর ব্যালন ডি’অরের ব্রেকআপ হইছে। প্রযুক্তির এই যুগে কোনো সম্পর্কই বেশি দিন টিকতেছে না। ভালোবাসাকে সবাই ভেংচি কাটে।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো
তোর ভাবি কইল ইলিশের দাম নাকি কমছে! আমি এইবার ব্যালন ডি’অর পাইলে সবাইরে নাকি ইলিশ-খিচুড়ি খাওয়াইব সে।
ব্যাডা, ব্যালন ডি’অরের দামও কমছে। এবার পুরস্কারটা পাইয়া তরেই উৎসর্গ করুম ভাবছি। হে হে হে...