সবার কাছে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া এখন সব দেশের সরকারের অন্যতম প্রধান আলোচনার বিষয় হওয়া উচিত। ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে ব্রডব্যান্ড নেটওয়ার্ক সত্যিই সহায়তা করতে পারে। সমাজের প্রতিটি ক্ষেত্রই ব্রডব্যান্ডের কারণে লাভবান হতে পারে। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের (ডব্লিউএসআইএস) ফলোআপ সভার উদ্বোধনকালে এসব কথা বলেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হামাদন টোরে। ডব্লিউএসআইএসের ঘোষণা বাস্তবায়নে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কতটুকু অগ্রগতি করেছে, সেসব বিষয়ে আলোচনার জন্যই এমন ফলোআপ সভার আয়োজন করা হয়ে। গতকাল থেকে শুরু হওয়া এ সভা চলবে আগামী ১৪ মে পর্যন্ত। সরকার, এনজিও, বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা, সুশীলসমাজসহ সব খাতের প্রায় ৬০০ প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। আইটিইউ, ইউনেস্কো, আঙ্কটাড ও ইউএনডিপি যৌথভাবে এ সভার আয়োজন করেছে। ২০০৫ সালে তিউনিসিয়ায় তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের শেষ পর্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মানবজাতির উন্নয়নে করণীয় নিয়ে তিউনিস ঘোষণায় সম্মত হয় সদস্য দেশগুলো। ২০১৫ সাল নাগাদ এসব ঘোষণা বাস্তবায়ন করে পৃথিবীজুড়ে জ্ঞানভিত্তিক তথ্যসমাজ গড়ে তোলার কথা বলা হয়। চলতি বছর এই নির্ধারিত সময়ের মাঝামাঝি এসে তথ্যসমাজ গঠনে বিভিন্ন দেশ কতটুকু এগিয়েছে তা পর্যালোচনা করা হবে এই ফলোআপ সভায়। উদ্বোধনী দিনে সরকারি প্রতিনিধিরা পরিকল্পনা অধিবেশনে যোগ দেন। বাংলাদেশের আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প আগামী বৃহস্পতিবার একটি অধিবেশনের আয়োজন করেছে। আইটিইউয়ের সহযোগিতায় এ অধিবেশনে আইসিটিতে বাংলাদেশি বেসরকারি খাতের সাফল্য তুলে ধরা হবে। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান এতে সভাপতি হিসেবে থাকবেন। —রেজা সেলিম, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে