ব্রাউজার তৈরি করছে স্যামসাং
নিজস্ব মোবাইল ব্রাউজার তৈরি করছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি এস৪ ও গ্যালাক্সি নোট ৩-এর সঙ্গে স্যামসাংয়ের নিজস্ব ব্রাউজার থাকতে পারে। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের।গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের সাফারি ব্রাউজারের মতো ওপেন সোর্সভিত্তিক ওয়েবকিট ইন্টারনেট ব্রাউজিং ইঞ্জিন ব্যবহার করে স্যামসাং নিজস্ব ব্রাউজার তৈরি করবে। নতুন ব্রাউজার তৈরির জন্য পেশাদার ওয়েবকিট বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।এদিকে স্যামসাংয়ের কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপলের আইটিউনসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ডিজিটাল মিউজিকের ব্যবসা আরও উন্নত করবে স্যামসাং। হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের ক্ষেত্রেও প্রযুক্তি বিশ্বে শক্ত অবস্থান তৈরি করতে চায় স্যামসাং। স্যামসাং মিউজিক হাব চালু করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।