
দিন দিন বাড়ছে অনলাইনে কাজের পরিমাণ। তাই অনলাইনে কাজের সহজ ব্যবহার খুঁজে নেওয়া জরুরি হয়ে পড়ছে। গুগলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম ব্রাউজার ব্যবহার করে অনলাইনের কাজগুলো আরও অনেক সহজে সম্পাদন করা সম্ভব। দরকার কিছু কৌশল মেনে চলা। এখানে তেমনই দুটি কৌশল দেখানো হলো।
ডেটা খরচ কমাতে
অনলাইনে যাঁরা দরকারি কাজ কম খরচে সারতে চান, তাঁদের জন্য গুগল ডেটা সেভার ব্রাউজার এক্সটেনশন একটি অনন্য সেবা হতে পারে। আপনি চাইলেই ব্রাউজারে ছোট প্রোগ্রাম যুক্ত করে ২০ শতাংশ পর্যন্ত ডেটা খরচ কমাতে পারবেন। ব্রাউজারে লোড হওয়া পাতাটি কত কম খরচে লোড হলো তা দেখে নেওয়ার সুযোগও আছে। সুবিধাটি নিতে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করে নিতে হবে। এ জন্য ক্রোম ব্রাউজারে ডেটা সেভারের খুদে প্রোগ্রামটি https://goo.gl/9LQJGV ওয়েব ঠিকানায় গিয়ে ADD TO CHROME বোতাম চেপে ব্রাউজারে যুক্ত করে নিন। এখানেই কাজ শেষ। এখন ব্রাউজারে নতুন ট্যাব খুলে যেকোনো ওয়েব পেজ খুলুন। পাতা দ্রুত লোড হবে এবং ব্রাউজারের ডান পাশের কোনায় ডেটা সেভার আইকনে ক্লিক করলে Original size এবং After compression-এ পাতাটির আসল আকার এবং কতখানি সংকোচন (কমপ্রেস) করা হয়েছে, সেটি দেখা যাবে। প্রয়োজনে Turn Off Data Saver-এ ক্লিক করে সেবাটি বন্ধ করা যাবে।
ব্রাউজার যখন নোটপ্যাড
ব্রাউজারে কোনো ওয়েবসাইট ভিজিট করছেন এমন সময় কোনো কিছু লেখার কিংবা লিখে কপি করার প্রয়োজন হতে পারে। হয়তো স্টার্ট মেনু থেকে নোটপ্যাড বা ওয়ার্ড প্যাড খুলে লিখতে চাইবেন। কিন্তু চাইলেই লেখার কাজটি আপনার ব্রাউজার থেকেই করতে পারবেন। এ জন্য যেকোনো ব্রাউজারে নতুন ট্যাব খুলে data:text/html, <html contenteditable> এক লাইনে হুবহু লিখে এন্টার চাপুন। দেখবেন লেখার জন্য পর্দায় কার্সর ব্লিঙ্ক করছে। এবার প্রয়োজনীয় কথা লিখতে থাকুন। এত বড় এইচটিএমএল কোড মনে রাখতে না চাইলে একবার লিখে সেই ট্যাবের ওপর মাউসের ডান বোতামে ক্লিক করে Pin Tab চাপুন। পরবর্তী সময়ে লেখার জন্য ট্যাবটি স্থায়ী হয়ে থাকবে।