ব্রাউজারে নোটিফিকেশন বন্ধ রাখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ব্রাউজার খুলে রাখা অবস্থায় ওয়েবসাইটের নানা সেবা-সম্পর্কিত বিভিন্ন সতর্কীকরণ বার্তা (নোটিফিকেশন) পেলে কাজে কিছুটা সুবিধাই হয়। কিন্তু এ ধরনের নোটিফিকেশন যখন ঘন ঘন আসে, তখন বরং বিরক্তিই লাগে। ফেসবুকের ব্যাপারটাই ধরা যাক। ফেসবুকের নোটিফিকেশন, স্ট্যাটাস, ইনবক্স দেখতে কমবেশি সবাই পছন্দ করেন। কম্পিউটারে ব্রাউজার খোলা থাকা অবস্থায় সামাজিক যোগাযোগের এ মাধ্যম থেকে একটু পরপর বার্তা আসতে থাকলে অন্য কাজে মনোযোগের বিঘ্ন ঘটতে পারে। তার চেয়ে বরং মুঠোফোন থেকে নোটিফিকেশন দেখা সুবিধাজনক। আবার কেউ হয়তো হোয়াটসঅ্যাপ কিংবা টুইটার থেকে আসা কোনো নোটিফিকেশন কম্পিউটারে পেতে পছন্দ করেন। গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারে নিজের পছন্দমাফিক ওয়েবসাইটের নোটিফিকেশন নিয়ন্ত্রণ বা বন্ধ করে রাখা সম্ভব।

গুগল ক্রোম

ক্রোম ব্রাউজারে কাজটি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়েব ঠিকানা লেখার জায়গা বা অ্যাড্রেসবারে chrome://settings/contentExceptions#notifications লিখে এন্টার করা। ছোট একটা পপ-আপ উইন্ডোতে যেসব ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসে, সেগুলোর একটা তালিকা দেখা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানাটি নির্বাচন করে ডানে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে Allow অথবা Block করে দেওয়া যাবে। এখন কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন পাওয়া বন্ধ করতে চাইলে ব্লক নির্বাচন করে উইন্ডোর নিচের দিকে থাকা Done বোতামে ক্লিক করতে হবে।

মজিলা ফায়ারফক্স

ওপরে ডান পাশে তিনটি পরপর ছোট রেখাচিহ্ন দেওয়া বোতামে ক্লিক করে Options নির্বাচন করুন। এবার বাঁ পাশের প্যানেল থেকে Content অপশনটিতে ক্লিক করে Notifications-এর পাশের Choose... বোতামে ক্লিক করুন। নতুন পপ-আপ উইন্ডো এলে সেখান থেকে যে ওয়েবসাইটের নোটিফিকেশন বন্ধ করতে চান, সেটি নির্বাচন করে Remove Site ক্লিক করে Save করুন।

মঈন চৌধুরী