জনপ্রিয় ব্রাউজারের গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের প্রতিটি নতুন সংস্করণেই বাড়ছে এদের নিজস্ব গতি আর নিরাপত্তা, যুক্ত হচ্ছে নানা সুবিধা। বর্তমান সংস্করণের ক্রোম এবং ফায়ারফক্সের সুবিধা হলো অ্যাকাউন্ট সিনক্রোনাইজেশন। এ সুবিধার ফলে নিজের কম্পিউটার বা যন্ত্র ছাড়াও অন্য যেকোনো নতুন কম্পিউটার বা যন্ত্রেও ব্যক্তিগত বুকমার্কস, ওয়েব হিস্ট্রি, অ্যাড-অনস, ইউজারনেম, পাসওয়ার্ডসহ সব তথ্য ফিরিয়ে আনা যায় শুধু নিজের তৈরি করা অ্যাকাউন্টে প্রবেশ করে। সবচেয়ে বড় সুবিধাটা হলো নির্দিষ্ট কোনো কম্পিউটার, স্মার্টফোন অথবা ট্যাবলেটে সীমাবদ্ধ না থেকে যেকোনো যন্ত্রে যেকোনো সময় ব্যবহার করা যাবে।
মজিলা ফায়ারফক্স: বর্তমানে ইন্সটল করা ব্রাউজারটিকে হালনাগাদ করে নিন। সফটওয়্যারটির নতুন অফলাইন সংস্করণ পেতে http://goo.gl/54lwHD ঠিকানায় গিয়ে ইংরেজি সারি থেকে উইন্ডোজের জন্য নির্ধারিত বোতামে ক্লিক করুন। ফায়ারফক্স চালু করে ওপরে ডানে থাকা সেটিং মেন্যুতে ক্লিক করে Sign in to sync অপশনে ক্লিক করে নিজের ইমেইল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেটি নিশ্চিত করুন। এখান থেকে ঠিক কী কী অপশনগুলো সিনক্রোনাইজ হবে, সেগুলো বাছাই করে দেওয়া যাবে। এর পর থেকে যেকোনো কম্পিউটার থেকে ফায়ারফক্সে লগইন করলেই নিজের সব বুকমার্কস, হিস্ট্রি, পাসওয়ার্ড, অ্যাড-অনসগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাবেন।
গুগল ক্রোম: নতুন ক্রোমের পুরো সংস্করণটি পাওয়া যাবে http://goo.gl/qtXrWV ঠিকানায়। এখান থেকে সেটি নামাতে পারেন অথবা পুরোনোটি হালনাগাদ করে নিন। ক্রোম চালু করে একদম ওপরে ডানে সেটিংস মেন্যুতে ক্লিক করে Sign in to Chrome অপশনে ক্লিক করে নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন। ক্রোমে থাকা নিজের সব তথ্য পরবর্তী সময়ে ব্যবহারের জন্য গুগলের নিজস্ব সার্ভারে সেগুলো নিরাপদে জমা থাকবে।
ক্রোম এবং ফায়ারফক্স দুটি ব্রাউজারেই এ সুবিধা বাতিল করতে চাইলে অপশনটিতে গিয়ে ডিসকানেক্ট বোতামে ক্লিক করলেই হবে।
—মঈন চৌধুরী