ব্রাজিল না আর্জেন্টিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল না আর্জেন্টিনা
ব্রাজিল না আর্জেন্টিনা

ব্রাজিল বা আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলে আপনার প্রিয় দল জিতবে কি না, তা অনেকাংশে নির্ভর করতে পারে মেসি, নেইমার বা কোনো তারকা খেলোয়াড়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেল কি না তার ওপর। হ্যামস্ট্রিং হলো কোমর থেকে হাঁটুর পেছন পর্যন্ত বিস্তৃত মাংসপেশির তন্তুগুচ্ছ ও টেন্ডন। খুব জোরে দৌড়ানোর সময় এসব তন্তু হাঁটুর নিচের দিকের অংশকে টেনে রাখতে চায়। ফলে, গোল দেওয়ার জন্য বল নিয়ে তুফানবেগে ছোটার সময় পেশিতে টান লেগে হ্যামস্ট্রিং ছিঁড়ে যেতে পারে। তাহলেই সর্বনাশ! এমন কিছু ব্যায়াম করা দরকার যেন হ্যামস্ট্রিং শক্তিশালী হয়, সহজে ছিঁড়ে না যায়। বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে এ রকম একটি ব্যায়াম জনপ্রিয় হয়ে উঠেছে। নরডিক হ্যামস্ট্রিং এক্সারসাইজ নামের এ ব্যায়ামের জন্য একজন সহযোগী লাগে। প্রথমে আপনি মাঠে বা ম্যাটের ওপর হাঁটুতে ভর দিয়ে, হাত দুটো দুপাশে সোজা করে রেখে উপুড় হয়ে মুখ থুবড়ে মাটির দিকে পড়তে থাকুন। এ সময় সহকারী আপনার পায়ের পাতা চেপে ধরে রাখবেন। শরীর নিচের দিকে পড়ার সময় হ্যামস্ট্রিং আপনার পতন আটকানোর চেষ্টা করবে। এতে ওই পেশিতন্তুগুচ্ছের ওপর চাপ পড়বে। তন্তুগুলো শক্তিশালী হবে। মাটিতে হুমড়ি খেয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে দুহাত মাটিতে ঠেকিয়ে নিজেকে আটকান, যেন বুক ও মুখে আঘাত না লাগে। এবার হাতে ভর দিয়ে উঠে আবার একইভাবে নিচে পড়ুন। ব্যায়ামটি হ্যামস্ট্রিং ছিঁড়ে আঘাত পাওয়ার আশঙ্কা ৭০ শতাংশ কমায়। আপনার প্রিয় তারকারা এ ব্যায়াম করছেন কি না, লক্ষ রাখুন।