ব্রাজিলে গণমাধ্যমের গুগল বয়কট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলকে বয়কট করার ঘোষণা দিয়েছে ব্রাজিলের বেশির ভাগ সংবাদপত্র। এই বয়কটের কারণে এখন থেকে গুগলের সংবাদসেবা গুগল নিউজে ব্রাজিলের কোনো সংবাদমাধ্যমের খবর দেখাতে পারবে না গুগল। খবর বিবিসি অনলাইনের।দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস (এএনজে) নামের ব্রাজিলের সংবাদপত্র সমিতি জানিয়েছে, তাদের অধীনে থাকা ১৫৪ সদস্য গুগলকে বয়কট করতে রাজি হয়েছে। এ সংস্থাটির দাবি, গুগল ব্রাজিলের ওয়েবসাইট থেকে ট্রাফিক সরিয়ে নিচ্ছে এবং কনটেন্টের জন্য অর্থ দিতে রাজি হচ্ছে না। গুগল নিউজে সংবাদের মূল বিষয়টি ছেপে দেওয়ার ফলে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো ক্ষতির মুখে পড়েছে। আর আর্থিকভাবে লাভ করছে গুগলের কর্তৃপক্ষ। গুগলের কাছে অর্থ দাবি করা হলে গুগল তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।এদিকে গুগলের কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সমাধানের চষ্টো করছে তারা। প্রসঙ্গত, গুগলের নিউজ ও সার্চে ফরাসি সংবাদপত্রগুলোর লিংক দেখানোর জন্য সম্প্রতি ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো গুগলের কাছে অর্থ দাবি করে। গুগলের কর্তৃপক্ষ ফ্রান্সের সংবাদগুলোর লিংক সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে ফেলার হুমকি দিয়েছিল। তবে ব্রাজিলের ক্ষেত্রে গুগলকেই বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটির অধিকাংশ সংবাদমাধ্যম।