ব্রাজিলের কাটা ঘায়ে নুনের ছিটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে নিয়ে টুইটারে মেমে
নেইমারকে নিয়ে টুইটারে মেমে

ব্রাজিলের কাটা ঘায়ে নুনের ছিটা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। জার্মানির কাছে ৭-১ গোলে লজ্জাজনকভাবে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। জার্মানরা যখন আনন্দ উত্সবে মেতেছে ব্রাজিলিয়ানরা তখন বিরস মুখে হারের যন্ত্রণা ভুলতে চাচ্ছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্রাজিলের এই লজ্জাজনক হার নিয়ে কৌতুক, ছবি, মেমে ছড়িয়ে পড়েছে। খেলা সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুক ও টুইটারে লাখ লাখ পোস্ট, কমেন্ট হয়েছে। অধিকাংশ কৌতুকেই ব্রাজিলকে নিয়ে মজা করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
টুইটারে একটি জনপ্রিয় কৌতুক হচ্ছে, ‘জার্মানরা কতো গোল করেছে: এক ব্রাজিলিয়ন (এক মিলিয়নের নকল করে!)’ আরেকটি টুইটে বলা হয়েছে, ‘ব্রাজিলের নেইমার আছে, পর্তুগালের রোনালদো. আর্জেন্টিনার আছে মেসি কিন্তু জার্মানির আছে একটি পুরো দল’।
ব্রাজিল জার্মানির এই খেলায় খেলতে পারেননি তারকা খেলোয়াড় নেইমার। কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার সঙ্গে ম্যাচে মেরুদণ্ডের হাড়ে আঘাত পান তিনি। জার্মানির সঙ্গে সেমিফাইনাল ম্যাচের আগে ফেসবুকে নেইমার বলেছিলেন, সাইডলাইনে বসে খেলা দেখবেন আর মারাকানায় আগামী সপ্তাহে ব্রাজিলকে ফাইনালে দেখার আশা করবেন। কিন্তু গতকাল জার্মানির কাছে নেইমারের দলের সাত গোল খাওয়ার পর নেইমারের অ্যাকাউন্ট থেকে আর কিছু পোস্ট করা হয়নি। নেইমারকে নিয়ে ফেসবুকে বেশ কিছু ‘মেমে’ ছড়িয়েছে। ‘মেমে’ হচ্ছে কোনো বিষয়ের মিমিক্রি বা মজা করার উদ্দেশ্যে বানানো নকল ছবি। ফেসবুকে নেইমারকে নিয়ে জনপ্রিয় মেমে হচ্ছে তাঁর হাতে ধরিয়ে দেওয়া সেভেন আপের ক্যান যাতে শিরোনাম দেওয়া নেইমারের প্রত্যাশিত ফল।

জার্মানি ও ব্রাজিলের খেলার নিয়ে ফেসবুকে পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বেশি হয়েছে। খেলা শেষে ফেসবুকের এক মুখপাত্র প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট সিনেটকে জানিয়েছেন, বিশ্বকাপের একটি ম্যাচের হিসেবে জার্মানি ও ব্রাজিলের এই ম্যাচটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে বিশ্বের ৬.৬ কোটি মানুষ ২০ কোটিরও বেশি দিয়েছেন ফেসবুকে পারস্পরিক যোগাযোগ করেছেন। এসব যোগাযোগের মধ্যে রয়েছে পোস্ট, কমেন্টস, লাইক। ফেসবুকে বেশি সক্রিয় যোগাযোগ করেছেন ব্রাজিলের মানুষ। এক কোটি ৬০ লাখ মানুষ পাঁচ কোটি ২০ লাখ ইন্টারেকশন করেছেন।

জার্মানির বিপক্ষে ব্রাজিলের এই হার কেবল একটি বড় পরাজয়ই নয়, এটি বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দলের সবচেয়ে বড় হার। ব্রাজিলের ফুটবল ইতিহাসেও এমন হারকে বিরল বললেও কম বলা হয়। ৯৪ বছর আগে উরুগুয়ের বিপক্ষে ৬-০ গোলে হেরে যাওয়ার ইতিহাস বাদ দিলে ব্রাজিল অতীতে আর কখনোই এত বড় ব্যবধানে হারেনি। বিশ্বকাপও তার ৮৪ বছরের ইতিহাসে দেখেনি ব্রাজিলীয় ফুটবলের এমন অবমাননা। স্বাগতিক হয়েও ব্রাজিল দুইবার বিশ্বকাপ হারানো প্রথম দেশ। হারের পর সামাজিকভাবেও বড় হতাশায় ডুবল ব্রাজিল।