ব্রাজিলের নব্য মধ্যবিত্তরা

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের রামোস এলাকার একটি বিয়ের হলঘর। হালকা বেগুনি ও সাদা রঙের দামি পর্দা ঝুলছে দেয়াল থেকে। টেবিলের ওপর ফুলের তোড়া এবং তার সঙ্গে মিল রেখে ঝালরওয়ালা টেবিলক্লথ। টেবিলে রাখা তিন স্তরের একটি কেক। কেকের চূড়ায় পুতুল বর-বউ।কিছুক্ষণ পরই ঝকঝকে কালো রঙের গাড়িতে করে হলঘরে পৌঁছালেন নবদম্পতি ফ্রান্সিস্কো অলিভেইরা ও টাইনা ফেরেইরা। স্থানীয় ক্যাথলিক গির্জায় বিয়ের কাজটি সেরে তাঁরা চলে এসেছেন বিবাহোত্তর অনুষ্ঠানে। ১০০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন এ দম্পতি। রাজ্যের দামি খাবার ও পানীয়র পাশাপাশি জমজমাট নাচ-গানেরও আয়োজন রয়েছে। আনন্দের ফোয়ারা বইতে শুরু করল শিগগিরই।রিও ডি জেনিরোর এ বিয়ের অনুষ্ঠানটি গত সপ্তাহের। দেশজুড়ে যখন সীমিত আয়ের মানুষ জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া আর ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছে, তখন পর্দার অন্য পাশে এই দৃশ্য। এই হচ্ছে এখনকার ব্রাজিল।ফ্রান্সিস্কো ও টাইনা ব্রাজিলের ‘নব্য মধ্যবিত্ত’ শ্রেণীর সদস্য। ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে ব্রাজিলের চার কোটিরও বেশি মানুষ এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে। এই শ্রেণীটি সে দেশে এখন ‘সি ক্লাস’ নামে পরিচিত। ৩৫ বছর বয়সী ফ্রান্সিস্কো একটি গৃহনির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। আর কনে টাইনা রিও ডি জেনিরো ফেডারেল ইউনিভার্সিটির রসায়ন বিভাগের ছাত্রী। বিয়ের জন্য তাঁরা দুজনে মিলে চার হাজার ডলার জমিয়েছিলেন। ফ্রান্সিস্কো ও টাইনা চান নিজেদের জীবনকে পাল্টে ফেলতে। তাঁদের চোখে উন্নত জীবনযাপনের স্বপ্ন। যে জীবন তাঁদের বাবা-মা যাপন করেননি। শুধু ফ্রান্সিস্কো আর টাইনাই নন, ব্রাজিলের বহু মানুষ এখন চাইছে দারিদ্র্যের কবল থেকে মুক্ত হয়ে ভালোভাবে বেঁচে থাকতে। এর প্রমাণ রাজধানীসহ দেশজুড়ে পথে পথে জুন মাসের গণবিক্ষোভ। লাখ লাখ মানুষ দুর্নীতি, উচ্চ হারের করের বোঝা আর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আসে। বিক্ষোভের শুরুটা অবশ্য হয়েছিল বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ দিয়ে। শিগগিরই তার সঙ্গে যুক্ত হয় দুর্নীতি, জনপরিষেবার ঘাটতিসহ বিভিন্ন বৃহত্তর সমস্যা। আগামী বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে টাকা-পয়সার ব্যাপক নয়ছয় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা এর প্রতিকার চাইছে। গত দুই দশকে ব্রাজিলে এত বড় প্রতিবাদ-বিক্ষোভ আর হয়নি।
রিও ডি জেনিরোর ফাভেলা অবজারভেটরি নামে একটি এনজিওর কর্মকর্তা জেইলসন ডি সুজা ই সিলভা বলেন, ব্রাজিলের নব্য মধ্যবিত্ত পরিবারগুলো আরও উন্নত জীবনযাপন করতে চাইছে। তারা এখনো অনেকের তুলনায় ভালো খাবার খাচ্ছে, দামি ইলেকট্রনিকস ব্যবহার করছে এবং দেশ-বিদেশে বেড়ানোর সুযোগ পাচ্ছে। কিন্তু তাঁরা এখন রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের অংশগ্রহণ বাড়াতে চাইছে।
সিলভা আরও বলেন, ব্রাজিলের সরকার জনগণ থেকে দূরে সরে গেছে। জনগণ মনে করছে তারা মোটা অঙ্কের কর দিলেও সে তুলনায় সুবিধা পাচ্ছে না। সরকারি খাতের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন সবই এখনো খুবই নিম্নমানের।
সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ভ্লাদিমির সাফাতলে বলেন, সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভার শাসনামলে মধ্যবিত্তদের উঠে আসার গতিটা বেশ ভালোই ছিল। কিন্তু সেই গতি শ্লথ হয়ে গেছে বলে সবার ধারণা।
সাফাতলে বলেন, সরকারি স্কুল ও হাসপাতালের মান ভালো না হওয়ায় নব্য মধ্যবিত্তরা এখন বেসরকারি স্কুল ও হাসপাতালে যাচ্ছে। তবে এ জন্য তাদের বেশি অর্থ ব্যয় হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ডেটা পপলারের পরিচালক রেনাটো মেইরেলেস বলেন, চার সদস্যের একটি পরিবারে জনপ্রতি মাসিক আয় ১৫০ ডলারের বেশি হলে তাদের নব্য মধ্যবিত্ত ধরা হচ্ছে। উন্নত দেশের তুলনায় এটা কম মনে হতে পারে। তবে গত কয়েক বছরে মাথাপিছু আয় সত্যিই বেড়েছে। পড়ালেখা আর চাকরিবাকরি করে তারা নিজেদের এই অবস্থানে এনেছে।
রেনাটো জানান, ব্রাজিলের প্রায় এক কোটি ২০ লাখ মানুষ ফাভেলা নামে পরিচিত বস্তি ধরনের আবাসিক এলাকায় বাস করে। এদের ৬০ শতাংশই এখন মধ্যবিত্ত। এই শ্রেণীর মানুষেরা এখন যথাযথ শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা পেতে চায়। অসন্তোষ কমাতে চাইলে সরকারকে তাদের চাহিদা পূরণে মনোযোগী হতে হবে।
l সূত্র: বিবিসি