ব্রাজিলের স্কুলে ইন্টারনেটের মাধ্যমে পাঠদান
ব্রাজিলের আমাজন রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামের নাম তুমবিরা। ওই গ্রামের একটি স্কুলে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষকেরা ছাত্রদের পাঠদান করেন। রাজ্যের রাজধানী মানাউস থেকে তাঁরা ক্লাস নিচ্ছেন। জেনারেটর থেকে শক্তি নেওয়া একটি রেডিও সংকেতের মাধ্যমে তুমবিরা গ্রামের স্কুলটিতে ইন্টারনেট সংযোগ নেওয়া সম্ভব হয়েছে। ব্রাজিলের গ্রামের স্কুলগুলোয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের অভাব রয়েছে। ভালো শিক্ষকেরা গ্রামের কোনো স্কুলে গিয়ে পড়াতে চান না। তাই বিকল্প হিসেবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের এ ব্যবস্থা চালু করেছে তুমবিরা গ্রামের ওই স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুলের পরিচালক ইজোলেনা গ্যারিডো গত শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ইন্টারনেটের মাধ্যমে পাঠদানের এ ব্যবস্থা কত দিন কাজ করবে, তা নিয়ে সন্দেহ আছে। তার পরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে শিক্ষাদানের এ ব্যবস্থা জনপ্রিয়তা পায়।’ আমাজনস সাসটেইনেবল ফাউন্ডেশন (এফএএস) নামে একটি বেসরকারি সংস্থা তুমবিরা গ্রামের স্কুলটিতে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার এ ব্যবস্থা চালু করেছে। ১৮ মাস আগে স্কুলটি চালু করা হয়। তুমবিরা ছাড়াও আশপাশের ছয়টি গ্রাম থেকে শিক্ষার্থীরা এসে এ স্কুলে পড়ালেখা করছে। স্কুলটিতে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা ৭৬। দুপুরে ও সন্ধ্যায় দুই পালায় ক্লাস নেওয়া হয়। কম্পিউটারের সঙ্গে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকায় শিক্ষার্থীরা তাদের শিক্ষকের চেহারা কম্পিউটারের পর্দায় দেখতে পায়। ১৬ বছরের শিক্ষার্থী এডনালডো বলে, ‘শিক্ষকের চেহারা দেখতে পাওয়ায় মনে হয়, তিনি আমাদের ক্লাসেই সশরীরে উপস্থিত আছেন।’ গণিত ও বিজ্ঞান থেকে শুরু করে প্রাথমিক চিকিৎ সা, স্বাস্থ্যসেবা ও শরীরচর্চা বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। আর এসব কিছুর তত্ত্বাবধান করেন স্থানীয় শিক্ষকেরা। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান