ব্রাহ্মণবাড়িয়ায় আইসিটি সচেতনতা কর্মসূচি
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচেতনতা কর্মসূচি। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন। তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত আয়োজনে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। খবর বিজ্ঞপ্তির। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোস্তাফা জালাল বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম মোস্তাফা বলেন পুঁথিগত ও মুখস্থবিদ্যা দিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা-পরবর্তী পেশাজীবন নিশ্চিত করতে পারবে না। কেননা, মুখস্থবিদ্যা কখনোই প্রকৃত শিক্ষার পথ প্রসারিত করে না।বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদ, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় সমন্বয়কারী আতিকুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিএসের পরিচালক মজিবুর রহমান।দিনব্যাপী এই কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া উপস্থাপনা, গ্রাফিক্স, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ছিল কুইজ প্রতিযোগিতা, প্রযুক্তি-সম্পর্কিত ভিডিও প্রদর্শন ইত্যাদি।