ব্রায়ান লারার শুভেচ্ছাবাণী
ম্যাথু হেইডেন একদিন আমার ৩৭৫ রানের রেকর্ড ভেঙে দিল। তারপর কী যে দুঃসহ দিন পার করেছি, বোঝাতে পারব না! ২০০৪ সাল, আমি আবার স্বরূপে ফিরলাম। ভেঙে দিলাম সেই রেকর্ড; অপরাজিত রইলাম ৪০০ রান করে! আহ্, কী যে সুখ!
এরপর কেটে গেল ১২টি বছর। কত লোকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেল, অথচ আর কেউ আমাকে টপকে যেতে পারল না। কিন্তু রস+আলোই সেটা করে দেখাল! শাবাশ, রস+আলো! তুমিই বাংলাদেশ! তোমার হাতেই আগামী দিনের ঝান্ডা। তুমিই পারবে দেশের নাম গ্রহ থেকে গ্রহান্তরে পৌঁছে দিতে।
এত দিন ভাবতাম, আমি যে রেকর্ড করেছি, তা আর কেউ কোনো দিন ভাঙতে পারবে না। কারণ, তেমন যোগ্য কাউকে চোখেও পড়েনি। তাই বিশ্বাসটা পোক্ত হয়েছিল যে আমার রেকর্ড ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি’র মতো অক্ষুণ্ন থাকবে। কিন্তু না, তা আর হলো না! ছিল রস+আলো, তাই আমার অবস্থান হরতালের কারণে এসএসসি পরীক্ষার মতো পেছাল!
অবশ্য আমি এটাও ভেবেছিলাম যে এই রেকর্ড অন্য কেউ দখল করলে সেটা কেবল ভূমিদস্যুরাই পারবে। কারণ, ওরা কিছু দেখলেই ক্ল্যাশ অব ক্ল্যানসের মতো ‘অ্যাটাক’ করে বসে! যাক, অন্তত হাঁপ ছেড়ে বাঁচলুম যে ভূমিদস্যুর চেয়ে বড় ‘দস্যু’ও আছে! রস+আলোর মতো এমন মিষ্টি-দুষ্টু ‘দস্যু’ ঘরে ঘরে থাক, তাতে আমার আপত্তি নেই।
হ্যাঁ, আমি জানি, আমার রেকর্ড আজ অন্য কেউ ছুঁয়ে ফেলেছে। আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, এ জন্য আমার আফসোস হচ্ছে কি না। কিন্তু না, আমার একটুও আফসোস হচ্ছে না। কারণ, সবাই যোগ্য উত্তরসূরিই চায়। আমি এ-ও জানি, রস+আলো আরও অনেক দূর এগিয়ে যাবে। কেবল এই রেকর্ডটিই নয়, রস+আলো স্পর্শ করবে আরও নতুন সব রেকর্ড। তখন হাঁ করে তাকিয়ে থাকবে বিশ্ব। পৃথিবী এগিয়ে যাবে, রস+আলোও এগিয়ে যাবে। রস+আলোর জন্য অনেক অনেক শুভকামনা।
অনুলিখন: মো. ম.